গুজব এখন সত্যি, এমন শিরোনামেই বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিয়ের কার্ড ছাপা হয়েছে। দীর্ঘদিন ধরেই প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেতা জহির ইকবালের সঙ্গে। তবে এবার সব গুঞ্জন পেছনে ফেলে সত্যি চার হাত এক হতে চলেছে। ভারতের মুম্বাইয়ে ২৩ জুন বিবাহ রেজিস্ট্রি হতে চলেছে সোনাক্ষী সিনহা ও জহির ইকবালের। তবে এখনো অফিশিয়ালভাবে দুই পরিবারের পক্ষ থেকে কোনো তথ্য জানা যায়নি। অন্যদিকে ভারতীয় গণমাধ্যম টোল্ড এইচটি সিটির তথ্যমতে, বিয়ের গুঞ্জন সত্য। 

সোনাক্ষীর কাছের একজন বন্ধু এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেছেন। তিনি বলেন, ‘আমি একটি নিমন্ত্রণ পত্র পেয়েছি, নতুন যুগলের সঙ্গে ২৩ জুন একটি অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য। কিন্তু সেখানে বিয়ের বিষয়ে কিছু বলা হয়নি। আমি যতটুকু জানি, বর্তমানে তারা বিয়ের রেজিস্ট্রির প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছেন। তবে খুব বিশাল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান হবে না এখন, কেবলই একটি ঘরোয়া পার্টি।’

নিউজ এইটিনের সম্প্রতি একটি রিপোর্টে জানা যায়, বিয়ের এ ঘরোয়া অনুষ্ঠানেও দেখা যাবে বলিউডের বেশ কয়েকজন সুপারস্টারকে। সেই সঙ্গে থাকবেন সোনাক্ষী ও জহিরের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধুও। 

এছাড়া ২০২২ ডাবল এক্সএল সিনেমায় সোনাক্ষীর বিপরীতে ছিলেন অভিনেতা জহির ইকবাল। বিয়ের এ আয়োজনে দাওয়াত পেয়েছেন তাদেরই বন্ধু আইয়ুশ শর্মা, হুমা কুরেশি ও বরুণ শর্মা। যাদের সবার সঙ্গেই এ যুগলের রয়েছে বেশ গভীর বন্ধুত্ব। এছাড়া অতিথিদের তালিকায় আরো যুক্ত হয়েছে সোনাক্ষীর সর্বশেষ অভিনীত ওয়েব সিরিজ হীরামান্ডির নির্মাতা, সহ-অভিনেত্রী সঞ্জয় লীলা বানসালি, অদিতি রাও, সারমিন সেহগাল, ফারদিন খান, তাহা শাহসহ অনেকেই। ২৩ জুন মুম্বাইয়ের ব্যাস্টিন হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে এ আয়োজন।

সূত্র: হিন্দুস্তান টাইমস