বক্স অফিসে ব্যর্থ হয়েছে শাজাম। সিনেমাটি নিয়ে অল্প হলেও আশা ছিল। বিশেষত ব্ল্যাক অ্যাডাম মোটামুটি ভালো ব্যবসা করার কারণে এ সিনেমার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সে অনুসারে কিছুই হলো না বক্স অফিসে। সিনেমাটি যাকে বলে ফ্লপ করেছে। আপাতত ডিসি স্টুডিও এসব নিয়ে ভাবছে না। তাদের চিন্তার বিষয় নতুন করে ডিসির লাইনআপ ঠিক করা। এর আগে যে সিনেমাগুলো ছিল তা যেনতেনভাবেই শেষ করে দিতে চাইছে ডিসি। ওয়ার্নার ব্রোসেরও একই মত এবং পুরনো পরিচালকও থাকছেন না। কিন্তু ডিসি স্টুডিওস এবার চাইছে পুরো সেটআপই বদলে ফেলতে। কেননা তারা জনপ্রিয় জাস্টিস লীগকে আর ফিরিয়ে আনতে চাইছে না। বলা হচ্ছে, জাস্টিস লীগের জায়গাটি নেবে নিউ ফ্রন্টিয়ার। 

ডিসির অনেক কিছুই জ্যাক স্নাইডারের হাতে তৈরি করা। তিনিই তৈরি করেছিলেন স্নাইডারভার্স। ডিসির নতুন পরিকল্পনা অনুসারে এ জায়গা থেকে বের হওয়ার প্রবণতাই যেন দেখা যাচ্ছে বেশি। স্নাইডারের কাজগুলোয় ছিল সিনেম্যাটিক উপাদান। কিন্তু সেখান থেকে সরে আসছে ডিসি। ডার্ক ক্যারেক্টারগুলোকে আরেকটু বেশি করে মানুষের কাছে আনার চেষ্টা করছে তারা। এ পরিকল্পনা আনুসারে ডারউইন ক্রুকের দ্য ফ্রন্টিয়ারকে জাস্টিস লীগের জায়গায় বসানোর চিন্তা করা হচ্ছে। 

দায়িত্ব নেয়ার তিন মাসের মাথায় ডিসির নতুন ইউনিভার্সের রূপরেখা জানিয়েছিলেন জেমস গান। পিটার স্যাফরানের সঙ্গে যৌথভাবে এ ইউনিভার্স তৈরি করছেন তিনি। প্রথম পর্যায়ের নাম দেয়া হয়েছিল ‘‌গডস অ্যান্ড মনস্টারস’। এ ঘোষণা বা পরিকল্পনার মধ্যে জাস্টিস লীগের কোনো উল্লেখ ছিল না। সেখান থেকে অনেকেই ধারণা করে নিয়েছিলেন যে জাস্টিস লীগ আসবে না। বিশেষত স্নাইডার যে সেটআপে জাস্টিস লীগ তৈরি করেছিলেন, তা আসার কোনো সম্ভাবনাই নেই। তাহলে নতুন করে কী হতে পারে?

প্রথমত, একটি ধারণা দেয়া হয়েছিল যে ফ্ল্যাশের মাধ্যমে নতুন ইউনিভার্সের সূচনা হবে। ফ্ল্যাশে যুক্ত হয়েছেন মাইকেল কিটন। আবার তাকে দেখা যাবে ব্যাটম্যান হিসেবে। ধারণা দেয়া হয়েছিল, কিটনের ব্যাটম্যানের সঙ্গে শাশা ক্যালির সুপারগার্ল এবং এজরা মিলারের ফ্ল্যাশ থেকে দুটো ভার্সন যোগ করে নতুন করে জাস্টিস লিগ তৈরি করা হবে।

কুকের নিউ ফ্রন্টিয়ারের গল্প কিছুটা ভিন্ন ধারার। পৃথিবীর কেন্দ্রে বেড়ে ওঠা এক দানবকে নিয়ে এর গল্প। এর বিরুদ্ধে লড়তে একাট্টা হয় মার্টিন ম্যানহান্টার, ওয়ান্ডার ওম্যান ও দ্য ফ্ল্যাশ। কিন্তু গান কোন গল্পে থাকবেন তা বোঝা যাচ্ছে না। এর আগে কথা ছিল মাসিচিয়েতি নির্মাণ করবেন নতুন জাস্টিস লীগ। তিনি বলেছিলেন, ‘আমরা একটি জাস্টিস লীগ তৈরির চেষ্টা করছি, যদিও সেটি আমাদের পরিচিত লীগের মতো শক্তিশালী নয়। ব্রুস ওয়েনের ভাষায় এটি একটি অবসরপ্রাপ্ত দল।’ কিন্তু সে রকম কিছু এ মুহূর্তে দেখা যাচ্ছে না। 

জাস্টিস লীগ: নিউ ফ্রন্টিয়ার অ্যানিমেশন মুক্তি পেয়েছিল ২০০৮ সালে। এই অ্যানিমেশন অনুসরণ করতে পারেন গান। তবে যুক্ত হবে আরো অনেক কিছু। কেননা এরই মধ্যে তিনি জানিয়েছেন ফিরতে পারে ডেথস্ট্রোক। একটি টুইটে তিনি জানিয়েছিলেন ডিসির অন্যতম বৈচিত্র্যময় চরিত্র ডেথস্ট্রোক। কাওকে ফিরিয়ে আনতে হলে তালিকায় চরিত্রটি থাকবে প্রথমে। সেখান থেকে কেসি ওয়ালশ বলছেন নিউ ফ্রন্টিয়ারই সম্ভাব্য নতুন জাস্টিস লীগ। কেননা কমিক বুক থেকে এর স্কেচও শেয়ার করেছেন গান।

সূত্র: দ্য ডিরেক্ট