মুক্তির অপেক্ষায় দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা দুলকার সালমানের নতুন সিনেমা হে সিনামিকা। বলিউড তারকা রণবীর কাপুর নতুন এ সিনেমার জন্য শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আমি দুলকার সালমানের কাজের অনেক বড় ভক্ত। অন্যদিকে রণবীর কাপুরকে নিজের অফিশিয়াল টুইটার থেকে ধন্যবাদ জানিয়েছেন দুলকার সালমান।
একটি ভিডিও বার্তায় রণবীর বলেছেন, ‘হে সিনামিকার টিমকে অভিনন্দন। ১০ ফেব্রুয়ারি এ সিনেমার মুক্তি পাওয়া গানটির জন্য তাদের শুভকামনা। আমি দুলকারের কাজের একজন বড় ভক্ত এবং সত্যিই তার কাজ প্রশংসনীয়। আমি এর আগেও অদিতির (অদিতি রাও হায়দারি) সঙ্গে কাজ করেছি, তিনিও একজন ভালো অভিনেত্রী এবং সুন্দর মনের মানুষ। আমি কাজলের (কাজল আগারওয়াল) অভিনয়ও উপভোগ করেছি এবং আশা করছি শিগগিরই তার সঙ্গে কাজ করতে পারব।’
রণবীর আরো বলেন, পরিশেষে আমার প্রিয় বৃন্দা ম্যামকে শুভকামনা জানাই। তার সঙ্গে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। অনেক ভালোবাসা ও শ্রদ্ধা। ৩ মার্চ মুক্তি পেতে চলেছে হে সিনামিকা। এ সিনেমার সঙ্গে যুক্ত সবাইকে আমার পক্ষে থেকে শুভকামনা জানাই।
হে সিনামিকা সিনেমাটি পরিচালনা করেছেন বৃন্দা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন দুলকার সালমান, অদিতি রাও হায়দারি ও কাজল আগরওয়াল। ছবিটির সংগীত পরিচালনা করেছেন গোবিন্দ বসন্ত এবং সিনেমাটোগ্রাফি করেছেন প্রীথা জয়রামা। গতকাল সিনেমাটির একটি গান মুক্তি পেয়েছে।
মালয়ালম সিনেমার অন্যতম নায়ক দুলকার সালমান ২০১২ সালে সেকেন্ড শো দিয়ে তার ক্যারিয়ার শুরু করেন। এখন সর্বভারতীয় তারকা দুলকার সালমানের ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। তাকে শেষ দেখা গিয়েছে ২০২১ সালে মুক্তি পাওয়া সিনেমা কুরুপ-এ। সিনেমাটি বক্স অফিসে সফলতা পায় আর দুলকারের ঝুড়িতে যুক্ত হয় আরো একটি সফল সিনেমা। বর্তমানে নতুন সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন এ তারকা।
সূত্র: ইন্ডিয়া টুডে










