বলিউড তারকা আলিয়া ভাটের সৌভাগ্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি চরিত্রে অভিনয়ের জন্য শুরু থেকেই প্রশংসিত হয়েছেন। কিছুদিন আগে দ্য গার্ডিয়ান পত্রিকার সেরা অভিনয়ের তালিকায় জায়গা করে নিয়েছে চরিত্রটি। প্রতি বছর আন্তর্জাতিক গণমাধ্যমটি এমন তালিকা প্রকাশ করে। এছাড়া ব্রিটিশ ম্যাগাজিন স্ক্রিন ডেইলিতে আলিয়ার অভিনয়কে পারফরম্যান্স অব দ্য ইয়ার বলেছেন সমালোচক ওয়েন্ডি আইডে।
আলিয়া টুইটারে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি লেখেন, ‘থ্যাংক ইউ’। পাশে জোড়া হাত এবং সাদা লাভ ইমোজি। আলিয়ার অভিনয় সম্পর্কে সমালোচক ওয়েন্ডি আইডে লেখেন, ‘অসাধারণ মুহূর্তগুলোর মধ্যে একটি উল্লেখযোগ্য নাচের দৃশ্য আছে, এখানে সে দুঃখ প্রকাশ করে, কারণ লাল বাতির শহরের বালিকা ও নারীদের প্রকৃত মায়ের যে ভূমিকা সে গ্রহণ করে, তার মা সেটি প্রত্যাখ্যান করেছিল। তার শরীরে যেন বিদ্যুৎ খেলে যাচ্ছিল।’
নিবন্ধটির ব্যাপারে তার প্রতিক্রিয়া জানানোর সঙ্গে সঙ্গেই ভক্তরা কমেন্ট সেকশনে ভালোবাসা ও প্রশংসার বন্যা বইয়ে দেয়। একজন ব্যবহারকারী লিখেছেন, ‘অপ্রতিরোধ্য’। আরেকজন উল্লেখ করেন, ‘নিশ্চিতভাবেই বাফটা আসতে যাচ্ছে’। এক ভক্ত টুইট করেছেন, ‘তোমাকে নিয়ে গর্বিত, রানী’।
সম্প্রতি একটি গোলটেবিল বৈঠকে বিদ্যা বালানের করা মন্তব্য এখানে প্রাসঙ্গিক। আলিয়ার অভিনয়ের সাফল্যের পর সবটুকু প্রশংসা যেভাবে সঞ্জয় লীলা বানসালি একাই টেনে নেন, তিনি সেটিকে হাস্যকর বলে মন্তব্য করেন। বিদ্যা বলেন, ‘কীভাবে গাঙ্গুবাই ভালো করল? যদি একজন নারীর সিনেমা ভালো হয়, তা পরিচালকের ক্রেডিট। ব্যাপারটি হাস্যকর। নারী হিসেবে আজকের অবস্থানে আসতে আমরা কঠোর পরিশ্রম করেছি। এখন আমরা সিনেমার কেন্দ্রীয় চরিত্রে কাজ করছি। আরো অভিনেত্রী তা করছেন। অতিমারী-পরবর্তী সময়ে পুরুষদের সিনেমাগুলো ভালো করছে না। তাই হঠাৎ করে তারা বলতে আরম্ভ করল, নারীদের সিনেমাগুলো ভালো করতে পারছে না। কী হাস্যকর! প্রকৃত অর্থে আমি বলতে চাই, ‘‘গাঙ্গুবাইয়ের ব্যাপারে আপনারা কী বলবেন?’’ পুরুষপ্রধান অনেক সিনেমার চেয়ে এটি অনেক বেশি ভালো করেছে।’ আলিয়া ভাট অভিনীত গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি গত ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছিল। শুধু ভারতেই সিনেমাটি আয় করে ১২৯ কোটি রুপি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










