ঢাকাই সিনেমার নায়ক শাকিব খানের প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ। গত বছর সিনেমাটির শুটিং পর্ব শুরু হয়েছিল। অনন্য মামুন পরিচালিত এ সিনেমা নিয়ে গত বছরজুড়েই আলোচনায় ছিলেন শাকিব খান। গতকাল দরদের ফার্স্ট লুক পোস্টার। ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিনে নির্মাতা নিজেই গতকাল দরদের ফার্স্ট লুক পোস্টার শেয়ার করেছেন। শাকিব খান তার ইনস্টাগ্রাম ও ফেসবুক পেজে লুকটি পোস্ট করে উল্লেখ করেছেন, প্রেজেন্টিং দ্য ফার্স্ট লুক অব দরদ।

পোস্টারে কেবল শাকিব খানকেই প্রাধান্য দেয়া হয়েছে। এলোমেলো চুল, চোখে-মুখে রক্তের ছাপ। রক্তে ভেজা হাত, গলায় তাবিজ। সব মিলিয়ে বলা যায় রহস্যঘেরা লুকে হাজির হয়েছেন শাকিব। 

ফেব্রুয়ারিতে দরদ মুক্তির কথা থাকলেও সেটি হচ্ছে না বলে জানিয়েছেন পরিচালক অনন্য মামুন। এক ভিডিও বার্তায় মামুন জানান, দুই ঈদ ছাড়া যেকোনো সময় সিনেমাটি বিশ্বব্যাপী মুক্তি পাবে। ভালো সিনেমা নির্মাণ করলে যে ঈদ ছাড়াও সিনেমা সুপারহিট করা যায়, সেটাই প্রমাণ করবে দরদ।

এর আগে শুটিং পর্বের সময় এ সিনেমা নিয়ে অভিজ্ঞতা শেয়ার করে শাকিব খান বলেছিলেন, ‘সিনেমাটিতে অনেক নতুন কিছুর দেখা পাবে দর্শক। অনেক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। নায়িকা সোনাল চৌহানের সঙ্গে পর্দার রসায়ন আমার ভক্তদের মন কাড়বে। সিনেমা হলে মুক্তি পেলে সে কথার প্রমাণ মিলবে। আমাদের ও তাদের কাজের পরিবেশ একেবারে আলাদা।’

অনন্য মামুন পরিচালিত দরদ প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এনটারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। সাইকো-থ্রিলার ও রোমান্টিক অ্যাকশন ধাঁচের গল্পে নির্মিত দরদে শাকিবের বিপরীতে আছেন বলিউডের নায়িকা সোনাল চৌহান। আরো আছেন পায়েল সরকার, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারুয়া, এলিনা শাম্মী। বাংলার পাশাপাশি মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।