অনেকের কাছেই ‘ড্রামার’ হিসেবে পরিচিত পাভেল অরিন। চিরকুটের অন্যতম সদস্য তিনি। তবে পাশাপাশি তিনি সংগীত পরিচালনাও করছেন। বলা যায়, ধীরে ধীরে নিজেকে প্রকাশ করছেন একজন সংগীত পরিচালক হিসেবে। মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’-এর ‘আহারে জীবন’-এর পাশাপাশি আরো জনপ্রিয় গান ও চলচ্চিত্রের সংগীত পরিচালনা করেছেন। এবার তিনি আটজন শিল্পীকে নিয়ে করছেন ‘লিভিং রুম সেশন’।
সম্প্রতি অরিন জানালেন তার নতুন কাজের কথা। দেশের বিভিন্ন সময়ের জনপ্রিয় ও গুণী শিল্পীদের নিয়ে এবার নতুন সংগীতযাত্রা করছেন তিনি। ‘লিভিং রুম সেশন’ নামের এ মিউজিক সেশনে প্রথম পর্বেই তার সংগীত পরিচালনায় আসছে আট শিল্পীর গান। শিল্পীরা হলেন ইমরান মাহমুদুল, ঐশী, কণা, মাশা ইসলাম, জাহিদ নিরব, মুজিব পরদেশী, এনিমা রশ্মি ও কাজল দেওয়ান।
বেশ আড়ম্বর করেই কাজটি করছেন পাভেল। লিভিং রুম সেশনের প্রচারণা করছেন দেশের বাইরেও। পৃষ্ঠপোষক টাইম জোনের সৌজন্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে বিজ্ঞাপন প্রচার হচ্ছে লিভিং রুম সেশনের। এ আইকনিক প্লাটফর্মে বাংলাদেশের শিল্পীদের মুখ দেখে এরই মধ্যে ইন্ডাস্ট্রি ও সংগীত প্রেমীদের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।
বাংলা গানের উৎকর্ষ সাধনের পাশাপাশি নিজের মিউজিক ক্যারিয়ারের জন্য এ সংগীত আয়োজনকে একটি উল্লেখযোগ্য মাইলফলক মনে করছেন পাভেল।
নিজের কাজ নিয়ে পাভেল বলেন, ‘ছয় বছর বয়স থেকে মিউজিকের সঙ্গে আছি। প্রায় দুই দশক ধরে জড়িয়ে আছি জনপ্রিয় ব্যান্ড চিরকুটের সঙ্গে। সংগীত পরিচালক হিসেবে কাজ করেছি অসংখ্য জনপ্রিয় বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। সে সুবাদে আন্তর্জাতিক বিভিন্ন মিউজিক প্লাটফর্ম ও কনসার্টের ভেতরকার মানুষ হিসেবে দেশী ও বিদেশী গুণী শিল্পীদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার সৌভাগ্য হয়েছে।’
নতুন আয়োজন ও তার কাজ নিয়ে অরিন বলেন, ‘সবসময় দেশের সংগীতকে আন্তর্জাতিক মানে পৌঁছতে, নতুন কিছু শিখতে চেষ্টা করেছি। এখন সময় এসেছে নিজের ভাবনাগুলো মানুষের সামনে নিয়ে আসার। আশা করি, সবাই উপভোগ করবেন এ মিউজিক্যাল প্রজেক্ট।‘
প্রথম সেশনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে বলে জানান পাভেল। আরো জানান, লিভিং রুম সেশনের পরবর্তী সিজনগুলো আসবে আরো বড় পরিসরে। এরই মধ্যে প্রথম সিজনে তিনি যুক্ত করছেন দেশের বর্তমান সময়ের জনপ্রিয় শিল্পীদের। তবে তারা তুলনামূলক তরুণ। পরের সিজনে পরিসর আরো বাড়বে তাতে সন্দেহ নেই।
লিভিং রুম সেশন অডিও প্রডাকশন করেছে বাটার কমিউনিকেশন।










