টেইলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’। প্রথম সপ্তাহ বিবেচনায় এটি এখন ইতিহাসের সবচেয়ে হিট অ্যালবাম। অ্যাডেলের রেকর্ডও ভেঙেছেন তিনি। বুধবার বিলবোর্ড জানিয়েছে, অ্যালবামটি মুক্তির পর প্রথম পাঁচদিনে এর ৩৫ লাখের বেশি ইউনিট (অ্যালবামের সমপরিমাণ ও স্ট্রিমিং মিলিয়ে একটি হিসাব) বিক্রি হয়েছে। টেইলরের রেকর্ডটি ভেঙে দিয়েছে অ্যাডেলের ‘টোয়েন্টি ফাইভ’ অ্যালবামের রেকর্ড। ২০১৫ সালের ডিসেম্বরে ৩৪ লাখ ৮২ হাজার ইউনিট বিক্রি হয়ে এক দশকজুড়ে অক্ষুণ্ন ছিল অ্যাডেলের রেকর্ড।

সুইফট এ রেকর্ড মাত্র পাঁচদিনেই ভেঙে ফেলেছেন। অর্থাৎ সপ্তাহের বাকি দুদিনে টেইলরের অ্যালবাম আরো এগিয়ে যাবে। তবে শুধু অ্যালবাম বিক্রির (স্ট্রিমিং বাদে) ক্ষেত্রে রেকর্ডটি এখনো অ্যাডেলের দখলে আছে। সেটিও বেশিক্ষণ থাকবে না। বিলবোর্ড জানিয়েছে, পাঁচদিনের শেষে শোগার্লের সম্পূর্ণ অ্যালবামের বিক্রি হয়েছে ৩২ লাখ ইউনিট, যা অ্যাডেলের ৩৩ লাখ ৭৮ হাজারের তুলনায় সামান্যই কম।

সুইফটের বিক্রির বড় একটা অংশ হয়তো প্রি-অর্ডারের কারণে প্রথম দিনেই যোগ হয়েছে। কিন্তু সপ্তাহের শেষের দিকে বিক্রির গতি ধরে রাখতে তিনি বিভিন্ন সিডি ও ডিজিটাল সংস্করণ প্রকাশ করেছেন। এগুলোর সঙ্গে অ্যাকুস্টিক বোনাস ট্র্যাকও যুক্ত ছিল।

সাধারণত ‘লুমিনেট চার্ট সপ্তাহ’ চলাকালীন কোনো সংখ্যা প্রকাশ করে না এবং প্রতি রোববার বিলবোর্ড টু হানড্রেডের শীর্ষ ১০ অ্যালবাম প্রকাশের সময়ই অফিশিয়াল সংখ্যা জানা যায়। তবে রেকর্ড ভাঙার সম্ভাবনার কারণে এবারে তারা আগেভাগেই তথ্য দিচ্ছে।

কিছু গণমাধ্যম ও ‘মিউজিক-মার্কেট’ বিশেষজ্ঞ মনে করছে সপ্তাহ শেষ হওয়ার আগেই এ অ্যালবাম ৪০ লাখ ইউনিট স্পর্শ করতে পারে। অবশ্য ৩৭-৩৯ লাখের মধ্যে থেমে গেলেও এটা হবে এক অবিশ্বাস্য নতুন রেকর্ড, যা ট্যুরের পর সুইফটের জনপ্রিয়তাকে আরো কয়েক ধাপ এগিয়ে নেবে।

সূত্র: ভ্যারাইটি