প্রথাগত গ্ল্যামারের বিপরীতে চলেন অভিনেত্রী সাই পল্লবী। ন্যাচারাল লুক ও অভিনয়ের জন্যই তিনি সবার কাছে প্রিয়। ২০২১ সালে মুক্তি পায় তার অভিনীত সিনেমা ‘শ্যাম সিংহ রায়’। এতে সাইয়ের বিপরীতে ছিলেন অভিনেতা ন্যানি। অন স্ক্রিনে তাদের জুটি পছন্দ করে দর্শক। সেই সঙ্গে সিনেমাটিও হিট হয়েছিল। বর্তমানে তিনি শুটিং করছেন নিতেশ তিওয়ারি পরিচালিত রামায়ণে। সেই সূত্রেই নানা কথায় উঠে আসে শ্যাম সিংহ রায়ের শুটিং ও অন্যান্য বিষয়। এ সিনেমার মধ্য দিয়ে সাই নতুন করে দর্শকের কাছ থেকে অভিনয়ের জন্য প্রশংসিত হন। তবে তিনি জানালেন, সিনেমাটির জন্য ক্রমাগত কাজ করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন সাই।
শ্যাম সিংহ রায় সিনেমায় সাইয়ের চরিত্রটি ছিল একটি মন্দিরের সেবাদাসীর। সে কারণেই বেশির ভাগ দৃশ্য ছিল রাতের। নাচের একাধিক নাম্বার ছিল সিনেমাটিতে। এসব শুট সময় নিত অনেক বেশি। সে কারণে প্রায় টানা ৩০ দিন শুটিং করতে হয়েছে। ঠিকমতো ঘুমাতে পারেননি সাই। গ্যালাটা প্লাসের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শ্যাম সিংহ রায়ে কাজ করার সময় আমি কোনোমতে ওই দিনের কাজটা শেষ করতে পারলেই বাঁচতাম। বেশির ভাগ দৃশ্য ছিল রাতের। আমি রাতে শুট করতে পছন্দ করি না। কিন্তু এখানে করতে হয়েছে। দিনে ঘুমানোর অভ্যাস নেই আমার। রাতে শুট করার কারণে ঘুম হতো না। দিনেও ঘুম নেই। প্রায় এক মাস এ রকম চলার পর আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম।’
সিনেমাটিকে ন্যানির পাশাপাশি সাইয়ের অভিনয় প্রশংসিত। বোঝা যায়, তিনি অনেক পরিশ্রম করেছেন। তবে সাই জানান, তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছিলেন। তার কথায়, ‘মনে আছে, আমি একদিন কান্নায় ভেঙে পড়ি। আমি অভিনয় করতে চাই, কিন্তু একদিন ছুটির খুব প্রয়োজন ছিল।’
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










