দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী। তার হাত ধরে ‘কারিগরি’র (ভয়েজ গ্রুমিং স্কুল) যাত্রা আজ থেকে প্রায় দেড় যুগ আগে। এ কারিগরি থেকেই নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে ফাহমিদা নবীর গানে অনুপ্রাণিত হয়ে তারই কথা ও সুরে কয়েকজন শিল্পী নিজেদের মৌলিক গান প্রকাশ করতে যাচ্ছেন। ফাহমিদা নবীর কথা ও সুরে শাকিলের কণ্ঠে ‘সেই তুমি’, পিলুর কণ্ঠে ‘যদি তোমার আকাশ আমার আকাশ এক হতো’, শাম্মীর কণ্ঠে ‘বৃষ্টির সাথে রাত্রি ঘুমাক’, ফাহমিদার কণ্ঠে ‘হতে চাই রোদ’, ফাল্গুনীর কণ্ঠে ‘কেন যে একা লাগেনা ভালো’, শাকিলার কণ্ঠে ‘কথা জমে আছে’, রাবুর কণ্ঠে ‘ভালোবাসা তোমাকে’ ও সোহেলের কণ্ঠে ‘বিবাগী এ মন’। ফাহমিদা নবী জানান, আগামী কোরবানির ঈদের আগেই সব গানই ‘আনমোল প্রেজেন্টস’ ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে। সুরকার, সংগীত পরিচালক বর্ণ চক্রবর্ত্তী তার অকাল প্রয়াণের আগেই সব গানের মিউজিকের কাজ শেষ করে গেছেন।
এ আয়োজন নিয়ে ফাহমিদা নবী বলেন, ‘কারিগরি থেকে নিজেদের ভয়েজ গ্রুমিং করিয়ে নিজেদের আত্মবিশ্বাসী করে তুলেই তারা গান গেয়েছেন। আমার দৃষ্টিতে প্রত্যেকেই ভীষণ ভালো গায়। প্রত্যেকেরই কণ্ঠে গানগুলো এক অন্য রকম মূর্ছনার সৃষ্টি করেছে। যেহেতু গানগুলো আমার লেখা ও আমারই সুর করা। তাই এতটুকু বলতে পারি, যার জন্য যেই গান করেছি তার কণ্ঠেই সেই গান একদম পারফেক্ট হয়েছে। সবাই এত মন দিয়ে নিজের সর্বোচ্চটুকু দিয়ে গেছেন যে আমি প্রত্যেকের গান শুনে মুগ্ধ। তবে এটা বলতেই হয়, প্রত্যেকেরই গানের প্রতি পরম ভালোবাসা আছে, তারা গানকে নিজের ভেতর লালন করে বলেই এত চমৎকার গাইতে পেরেছে। আমি বিশ্বাস করতে সবসময়ই ভালোবাসি যে যেকোনো কাজে যদি কারো একাগ্রতা থাকে, তাহলে সে শতভাগই সফল হয়। কারিগরি থেকে যারা গান গেয়েছেন, সবার জন্য শুভ কামনা। আজ বর্ণ বেঁচে থাকলে ভীষণ খুশী হতো। আমরা তার আত্মার শান্তি কামনা করি।’










