জমি নিয়ে বিপাকে পড়েছেন শাহরুখ কন্যা সুহানা খান। রীতিমতো আইনি জটিলতায় পড়েছেন তিনি। ২০২৩ এবং ২০২৪ সালে আলিবাগে জমি কিনেছিলেন তিনি। এতে খরচ হয়েছিল প্রায় ২২ কোটি রুপি। এ জমি সুহানার একার না। সুহানার সঙ্গে গৌরী খানের মা এবং তার ভগ্নিপতিরও মালিকানা আছে। এ জমি নিয়েই তৈরি হয়েছে জটিলতা।
সুহানা জমি কিনেছিলেন রেখা, অঞ্জলি ও প্রিয়া নামের তিন বোনের কাছ থেকে। এই তিনজন বাবা মায়ের অবর্তমানে এই জমিটি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। কিন্তু জমির মালিকানা প্রশাসনের কাছে রয়েছে এবং জমিটি শুধুমাত্র কৃষকদের কৃষিকাজের জন্য ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল।
এখানেই শেষ নয়। জমির কেনার জন্য যে দলিল করা হয়েছে ও স্ট্যাম্প ডিউটি শোধ করেছেন সুহানা, সেখানে তাকে কৃষক বলে উল্লেখ করা হয়েছে। এর ফলে বিতর্ক শুরু হয়েছে আরো বেশি। জানা গেছে শীঘ্রই এই গোটা ব্যাপারটি সংক্রান্ত একটি রিপোর্ট পেশ করা হবে।
প্রসঙ্গত, এখনও পর্যন্ত এই বিষয়টি নিয়ে শাহরুখ খান অথবা সুহানা খানের তরফ থেকে কোনও বিবৃতি শোনা যায়নি।
সূত্র: হিন্দুস্তান টাইমস










