সময় ঘনিয়ে আসছে গ্র্যামির আসরের। ভক্তদের মধ্যেও শুরু হয়ে গেছে হিসাব নিকাশ। আগ্রহ নিয়ে তারা অপেক্ষা করছে প্রিয় তারকার হাতে পদক দেখার জন্য। তবে ভারতীয় সংগীতশিল্পী রিকি কেজের জন্য আগ্রহটা একটু বেশিই। ক্যারিয়ারে চতুর্থবারের মতো তিনি মনোনয়ন পেলেন গ্র্যামির। তার অ্যালবাম ‘ব্রেক অব ডন’ মনোনীত হয়েছে বেস্ট নিউ এজ, এমবায়েন্ট অর চান্ট অ্যালবাম বিভাগে।
রিকি কেজ চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন গ্র্যামির ৬৭তম আসরের জন্য। চতুর্থবারের মতো পুরস্কারও ঝুলিতে তোলার জন্য আশাবাদী তিনি।
বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তিনবার গ্র্যামি জিতেছি। এবার চতুর্থবারের মতো মনোনয়ন হলো। আমি আশা করি, চতুর্থবারের মতো ঝুলিতে উঠবে পুরস্কার। সারাটা জীবন পরিবেশবাদী ছিলাম। বিশ্বাস করি, প্রকৃতির অপরিচ্ছন্নতা মানুষের মনে অপরিচ্ছন্নতা তৈরি করে। ফলে প্রজাতির যেকোনো সমস্যা সমাধান করার আগে আমাদের অন্তরের সমস্যার সমাধান করতে হবে।’
সংগীতের পাশাপাশি তিনি পরিবেশ নিয়ে সচেতন ছিলেন সবসময়। ২০১৫ সালে রিকি কেজ প্রথমবারের মতো গ্র্যামি পুরস্কার জেতেন তার উইন্ডস অব সামসারা অ্যালবামের জন্য। ২০২২ ও ২৩ সালে পরপর তিনি দুবার গ্র্যামি জেতেন। নতুন মনোনয়নের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘ব্রেক অব ডন তৈরির সময় আমি চেষ্টা করেছি গানের মধ্য দিয়ে প্রকৃতির প্রতি আরো উদার, আরো হৃদ্যতাপূর্ণ ও সচেতন সমাজ নির্মাণের প্রতি। সেদিক থেকে দেখলে ব্রেক অব ডন একটা নিউ এজ অ্যালবাম, যা তৈরি হয়েছে প্রাচীন ভারতীয় রাগের ওপর ভর করে। নয়টি গানের প্রতিটিই কোনো না কোনো রাগের ওপর ভিত্তি করে তৈরি। খুবই সতর্কতার সঙ্গে খেয়াল রাখা হয়েছে মানসিক স্বাস্থ্য ও সুস্থতার দিকে। মনোযোগ দেয়া হয়েছে স্বাস্থ্য পরিচর্যায় ভারতীয় সংগীতের নীতিমালার ওপর। গ্র্যামি যে চতুর্থবারের মতো আমাকে মনোনীত করল, তার জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ।’
১৯৮১ সালে উত্তর ক্যালিফোর্নিয়ায় জন্ম নেন রিকি কেজ। তবে আট বছর বয়স থেকেই বসবাস করছেন বেঙ্গালুরুতে। সেখানকার ‘বিশপ কটন স্কুল’-এ পড়াশোনা শেষ করেছেন এবং ‘অক্সফোর্ড ডেন্টাল কলেজ’ থেকে দন্তচিকিৎসা নিয়ে পড়েছেন। সংগীতের প্রতি ভালোবাসা তাকে নিয়ে গেছে গ্র্যামি পর্যন্ত। এর এবারের আসর অনুষ্ঠিত হবে আগামী ২ ফেব্রুয়ারি লস এঞ্জেলেসে।
সূত্র ও ছবি: হিন্দুস্তান টাইমস










