দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন, অভিনয় থেকে কিছুদিনের জন্য বিরতি নিচ্ছেন। মূলত ক্রমাগত কাজ ও অসুস্থতার কারণে এ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু বিরতিতে গিয়েও আলোচনার কেন্দ্রে থাকছেন সামান্থা। সম্প্রতি তিনি আছেন যুক্তরাষ্ট্রে। সেখান থেকে ট্যুরের কয়েকটি ছবি পোস্ট করেছেন আর সে ছবি ঘিরেই চলছে নানা আলোচনা। মূলত তিনি এ ট্যুরে ঘুরেছেন ডালাস থেকে নিউইয়র্ক। ঘোরাঘুরির একাধিক ছবি নিয়মিত বিরতিতে পোস্ট করেছেন। তার ভক্তরাও জানতে পারছেন ভালো আছেন সামান্থা।
রোববার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করেন সামান্থা। এ সময় তিনি ডালাসে ছিলেন। ছবির ক্যাপশনে লেখেন, ‘ইউএসএ! ডালাস লাভ’। ছবিতে সামান্থাকে অনিতা ডঙ্গরের ঘারারা সেট পরে থাকতে দেখা যায়। এ সেটের দাম ২ লাখ ৪০ হাজার রুপি। এতে আছে রেশম ও জারদৌসির কাজ। কয়েকটি লেয়ারের এ পোশাকটিতে আছে মেঝে পর্যন্ত ঝুলের ঘারারা ও লম্বা জ্যাকেট। বলা হচ্ছে রাখি বন্ধনের সময়ের জন্য ডিজাইন করা এ পোশাক। উৎসবের একটা অনুরণন আছে এতে। পুরো জিনিসটি পল্লবী সিংয়ের ডিজাইন করা। এ পোশাকের সঙ্গে সামান্থা পরেছিলেন চোকার নেকলেস ও সানগ্লাস।
উৎসব হোক বা না হোক, সামান্থার পোস্টের পেছনে আছে আরেকটি কারণ। আগামী ১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সামান্থা অভিনীত নতুন সিনেমা ‘খুশি’। শিব নির্বাণের এ সিনেমায় বিজয় দেবরকোন্ডার বিপরীতে অভিনয় করেছেন সামান্থা। সিনেমাটির প্রচারণা করছেন তিনি সেই যুক্তরাষ্ট্র থেকেই। পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, ‘১ সেপ্টেম্বর আসছে খুশি।’
সামান্থার ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। আলোচনা হচ্ছে তার পোশাক, লুক ও ট্যুর নিয়ে। এর মাধ্যমেই আবার দর্শকের কাছে তিনি পৌঁছে দিচ্ছেন নিজের সিনেমার খবর। পাশাপাশি তিনি থাকছেন তাদের কাছে প্রাসঙ্গিক। এর আগে তিনি নিউইয়র্কের ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামে গিয়েছিলেন। সেখান থেকেও পোস্ট করেছিলেন একাধিক ছবি।
সূত্র ও ছবি: পিংকভিলা










