২৭ মার্চ মুক্তি পাচ্ছে ‘এম্পুরান’। সিনেমাটি ২০১৯ সালের ‘লুসিফার’-এর সিকুয়াল। আগেরবারের মতো এবারো কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন মোহনলাল। তার সঙ্গে আছেন পৃথ্বীরাজ সুকুমার। সিনেমাটি মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রি থেকে আয় করে নিয়েছে ৩০ কোটি রুপি। মালয়ালম ইন্ডাস্ট্রির সিনেমাগুলোর মধ্যে এটিই সর্বোচ্চ অগ্রিম আয় করল। এর আগে মোহনলালের ‘মারাক্কার’ আয় করেছিল ২০ কোটি ৪০ লাখ আর ‘ওডিয়া’র আয় ছিল ১৮ কোটি ১০ লাখ রুপি। এম্পুরানের আগে লুসিফার অগ্রিম আয় করেছিল ১৪ কোটি ৮০ লাখ রুপি। সে হিসাবে সিকুয়ালটি আয় করেছে দ্বিগুণের বেশি।

টিকিট বিক্রির ক্ষেত্রেও সিনেমাটি রেকর্ড ভেঙেছে। ২৪ ঘণ্টায় অনলাইনে টিকিট বিক্রির ক্ষেত্রে এ সিনেমা রেকর্ড করেছে। প্রায় ৬ লাখ ৪৫ হাজার টিকিট বিক্রি হয়েছে এম্পুরানের। অনলাইন প্লাটফর্ম বুকমাইশোয় বিক্রি হয়েছে ৯৬ হাজার ১৪০টি টিকিট। সেদিক থেকে দেখলে প্যান ইন্ডিয়ান সিনেমা ‘কল্কি’, ‘জওয়ান’, ‘পুষ্পা’ ও ‘লিও’কে ছাড়িয়ে গেছে এম্পুরান। এ সিনেমাগুলোর অগ্রিম টিকিট বিক্রির পরিমাণ ছিল যথাক্রমে ৩ লাখ ৩০ হাজার, ২ লাখ ৫৩ হাজার, ২ লাখ ১৯ হাজার ও ১ লাখ ২৬ হাজার।

২০১৯ সালে মুক্তি পায় পৃথ্বীরাজ সুকুমার পরিচালিত সিনেমাটি। এতে মূল চরিত্রে অভিনয় করেন মোহনলাল। এছাড়া ছিলেন থোভিনো থমাস, বিবেক ওবেরয়, মঞ্জু ওয়ারিয়ার ও পৃথ্বীরাজ সুকুমার। ৩০ কোটি রুপিতে নির্মিত সিনেমাটি বক্স অফিসে আয় করেছিল ১২৫ কোটি রুপির বেশি। এ বছর আসছে এর সিকুয়াল এম্পুরান। একে ‘লুসিফার টু’ও বলা হচ্ছে। মালয়ালম ইন্ডাস্ট্রির এ বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা এটি। মোহনলাল অভিনয় করেছেন আব্রাম কোরেশি চরিত্রে। তবে এ সিনেমায়ই আব্রামের যাত্রা শেষ হচ্ছে না। টিজার প্রকাশের দিনই পরিচালক পৃথ্বীরাজ জানালেন, লুসিফারের তৃতীয় সিনেমাও আনবেন তিনি। ৪০০ কোটি রুপিতে নির্মিত হয়েছে এম্পুরান।

সূত্র: ইয়ন