ষাট ও সত্তরের দশকের অভিনেত্রী মুমতাজ। মাত্র ১১ বছর বয়সে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। বলিউডে দারুণ জনপ্রিয় হয়েছিলেন এ অভিনেত্রী। সম্প্রতি প্রবীণ এ অভিনেত্রী প্রকাশ করেন, রাজ কাপুরের ‘‌মেরা নাম জোকার’ সিনেমায় অভিনয় করার কথা ছিল। তবে সে সময় তিনি শাম্মী কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন বলে তাকে সিনেমা থেকে বাদ দেয়া হয়।

১৯৭০ সালে নির্মিত রাজ কাপুর পরিচালিত সিনেমা মেরা নাম জোকার। এ সিনেমায় অভিনেত্রী মুমতাজকে বহুমুখী চরিত্রে থাকার কথা। তবে তিনি তার ব্যক্তিগত সম্পর্কের জন্য এ সুযোগ হারান। মুমতাজ সে সময় রাজ কাপুরের ভাই শাম্মী কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। সম্প্রতি মুমতাজ পাকিস্তানি সংবাদপত্র ডনকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন। 

মুমতাজ জানান, এ সিনেমায় পরিচালক ও প্রধান অভিনেতার চরিত্রে অভিনয় করেছেন রাজ কাপুর। এটি আরকে প্রযোজনার একটি সিনেমা ছিল। রাজ কাপুর তার বিপরীতে অভিনয়ের জন্য মুমতাজের অডিশন নিয়েছিলেন। কিন্তু পরে তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। 

মুমতাজ বলেন, ‘‌রাজ জি আমার মেরা নাম জোকারের জন্য অডিশন নিয়েছিলেন, কিন্তু পরে আমাকে এই বলে বাদ দেন, ‘‘তুমি আমাদের বাড়িতে আসবে এবং আমরা চাই না, তুমি সিনেমায় এমন ছোট পোশাক পরো।’’ সিনেমায় মেরিনা নামের ট্র্যাপিজ আর্টিস্ট হিসেবে অভিনয় করার কথা ছিল আমার। পরে এ চরিত্রে রাশিয়ান একজন অভিনেত্রী ক্যাসেনিয়া রিয়াবিনকিনাকে দেখা যায়।’

মুমতজের সে সময় সত্যিকার অর্থেই শাম্মী কাপুরের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। আর রাজ কাপুর চাননি, ভবিষ্যৎ কাপুর পরিবারের বধু অনস্ক্রিনে ছোট পোশাক পরুক। তবে সে বছরই শাম্মি কাপুর ও মুমতাজ তাদের সম্পর্কের ইতি টানেন। কেননা ওই সময় মুমতাজ বিয়ে করতে রাজি ছিলেন না। তিনি নিজের ক্যারিয়ারকে আরো সামনের দিকে নিয়ে যেতে চেয়েছিলেন।

ভারতের জনপ্রিয় বিনোদন গণমাধ্যম পিংকভিলাকে দেয়া এক বক্তব্যে মুমতাজ জানান, তিনি শাম্মি কাপুরকে ভীষণ ভালোবাসতেন এবং শাম্মি সে অনুভূতিগুলোর প্রতিদান দিয়েছিলেন। তিনি বলেন, ‘‌আমার বয়স তখন মাত্র ১৭ এবং তিনি আমার থেকে ১৮ বছরের বড়। আমার বিয়ে করা খুব তাড়াতাড়ি হয়ে যেত আর আমি কিছু হতে চেয়েছিলাম। আর কাপুররা তাদের পরিবারের বৌদের নিয়ে ভীষণ রক্ষণশীল।’

মুমতাজ-শাম্মির বিচ্ছেদ ছিল সুখকর, কারণ তারা উভয়ের বোঝাপড়ার মাধ্যমে সিদ্ধান্ত নিয়েছিলেন আলাদা হওয়ার। তিনি বেশ জোর দিয়েই বলেন শাম্মী কাপুর ও তিনি যদি বিয়েও করতেন, তাদের বিবাহিত জীবন স্থায়ী হতো না। কারণ হিসেবে বলেন, ‘আমি অভিনয় করতে চেয়েছিলাম। কিছু অর্জন করতে চেয়েছিলাম। কিন্তু বাড়ির বৌদের সিনেমায় কাজ করার ব্যাপারে কাপুর পরিবার রক্ষণশীল।’

সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস