রবীন্দ্রনাথের গানে ভালোবাসার দিনে যাত্রা শুরু হলো ‘টাইম জোন লিভিং রুম সেশন’। পাভেল আরিনের সংগীত পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের চিরায়ত প্রেমের গান ‘ভালোবেসে সখী’ গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কনা। ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় ‘টাইম জোন লিভিং রুম সেশন’-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি।

চলচ্চিত্রে কিংবা বাণিজ্যিকভাবে সংগীত পরিচালক হিসেবে একাধিক জনপ্রিয় গান ও জিংগেল নিয়ে কাজ করেছেন পাভেল। তার ক্যারিয়ারের নতুন সংযোগ সংগীত পরিচালক হিসেবে টাইম জোন লিভিং রুম সেশন মিউজিক্যাল প্রজেক্টের সঙ্গে। নতুন এ যাত্রা নিয়ে বলতে গিয়ে পাভেল বলেন, ‘‌সবাইকে আমন্ত্রণ টাইম জোন লিভিং রুম সেশনে। কবিগুরুর জনপ্রিয় গানটি দিয়ে আমাদের প্রথম উপস্থিতি ঘটল শ্রোতাদের সামনে। এটি এমন একটি গান যার আবেদন কখনো শেষ হওয়ার নয়। শ্রোতাদের কান এখন আন্তর্জাতিক মানসম্পন্ন মিউজিকের জন্য তৈরি—তাই এ ধরনের গানগুলোও নতুন আবেদনে, নতুন মিউজিকে শুনতে চায় সবাই। সে চিন্তা থেকেই চেয়েছি শ্রোতাদের সুন্দর একটি শ্রবণ অভিজ্ঞতা দিতে।’

অন্যদিকে কনা নিজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘‌এ ধরনের অনেক চেনা গানগুলো গাইতে নার্ভাসনেস কাজ করে। এ গানগুলো এত বেশি শোনা মানুষের যে একটু আধটু ভুলও মার্জনীয় নয়। যারা সংগীতপ্রেমী আছেন তাদের লিস্টে একেবারেই ঊর্ধ্ব সারিতেই গানটি থাকে বলে আমার মনে হয়। পাভেল আরিনের সংগীত পরিচালনায় আগেও কাজ করেছি, তবে এবারের অভিজ্ঞতা সত্যিই অন্যরকম। সাউন্ড ও মিউজিকের জন্য তিনি কখনই কম্প্রোমাইজ করেন না। মিউজিশিয়ানরাও দারুণ বাজিয়েছেন। সব মিলিয়ে টাইম জোন লিভিং রুম সেশনে গাওয়ার অভিজ্ঞতা দারুণ।’

পাভেল জানান, প্রথম সিজনে নয়টি গানের মধ্যে আটটি রিমিক্স ও একটি মৌলিক গান রয়েছে। নিয়মিত বিরতিতেই নতুন নতুন চমক নিয়ে প্রথম সিজনের গানগুলো প্রকাশিত হতে থাকবে।