মুক্তির পর থেকে নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম। সনি ও মার্ভেলের এ সুপারহিরো বড়দিনের আগের দিন যুক্তরাষ্ট্রের বক্স অফিস আয় করেছে প্রায় ২ কোটি মার্কিন ডলার। গতকালের আপডেট অনুযায়ী, সিনেমাটি যুক্তরাষ্ট্রের বাজারে তুলে নিয়েছে ৪০ কোটি ৫৫ লাখ মার্কিন ডলার। এর মাধ্যমে সিনেমাটি যুক্তরাষ্ট্রের বাজারে পরিবেশক কোম্পানি সনি পিকচারসের সর্বোচ্চ আয়ের সিনেমায় পরিণত হয়েছে। আগে রেকর্ডটি ছিল ২০১৭ সালের জুমানজি: ওয়েলকাম টু দ্য জাঙ্গলের দখলে। এ সিনেমা যুক্তরাষ্ট্রের বক্স অফিসে আয় করেছিল ৪০ কোটি ৪৫ লাখ ডলার।

অন্যদিকে মোট আয়ে নো ওয়ে হোম বৈশ্বিক বক্স অফিসে ১ বিলিয়ন বা ১০০ কোটি মার্কিন ডলারের মাইলফলকের দিকে এগোচ্ছে। বক্স অফিস বিশ্লেষকরা মনে করছেন, সিনেমাটি সে মাইলফলক অর্জন করবে সহজেই। সেক্ষেত্রে তা হবে কভিড মহামারীর আবির্ভাবের পরবর্তী দুনিয়ায় প্রথম শতকোটি ডলার আয়কারী সিনেমা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈশ্বিক বক্স অফিসে সিনেমাটি আয় করেছে ৯০ কোটি মার্কিন ডলার।

একই সঙ্গে দ্রুততম সময়ে যেসব সিনেমা ১ বিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছুঁতে যাচ্ছে, সেগুলোরও একটি হবে নো ওয়ে হোম। এ তালিকায় প্রথম স্থানে আছে অ্যাভেঞ্জারস: এন্ডগেম (৫ দিন), দ্বিতীয় স্থানে অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার (১১ দিন), স্টার ওয়ারস: দ্য ফোর্স অ্যাওকেনস (১২ দিন)। এদিকে বড়দিনে যুক্তরাষ্ট্রের বাজারে নো ওয়ে হোম তার ১১তম দিন পার করেছে।

যুক্তরাষ্ট্রের বক্স অফিস এখন শাসন করছে স্পাইডারম্যান: নো ওয়ে হোম। তার পেছনেই আছে অ্যানিমেটেড ফ্যামিলি ফিল্ম সিং টু। আরো আছে ম্যাট্রিক্স রেজারেকশন, দ্য কিংস ম্যান।

সূত্র: হলিউড রিপোর্টার