ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা ইয়ামিন হক ববি। সম্প্রতি তিন মাসের অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন। দেশে ফেরার সঙ্গে সঙ্গে তিনি নতুন সিনেমার কাজ নিয়ে ব্যস্ত হয়ে উঠেছেন। বর্তমানে ‘তছনছ’ নামের একটি সিনেমার শুটিং করছেন, যা পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এ সিনেমায় ববিকে প্রথমবারের মতো দ্বৈত চরিত্রে দেখা যাবে। একটি সহজ-সরল তরুণী ও অন্যটি প্রতিবাদী চরিত্রে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিয়ারে প্রথমবার দ্বৈত চরিত্রে কাজ করতে যাচ্ছি, তাই চিত্রনাট্য ভালোভাবে পড়েছি এবং প্রস্তুতি নিয়েছি। দেশের বাইরে দীর্ঘদিন থাকার পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছিল, আমি কি স্থায়ীভাবে সেখানেই থাকব? আমি কখনো দেশ ছাড়ার পরিকল্পনা করিনি। পরিবার চায় আমি স্থায়ী হই, তবে দেশ সবসময় প্রিয়। দেশে ফিরেই সিনেমার কাজ শুরু করেছি, পাশাপাশি বেশ কয়েকটি বিজ্ঞাপনের প্রস্তাবও পেয়েছি।’

ববির হাতে বর্তমানে একাধিক সিনেমা রয়েছে। নির্মাতা সৈকত নাসিরের সঙ্গে একটি সিনেমা চূড়ান্ত পর্যায়ে রয়েছে, পাশাপাশি আরো দুটির বিষয়ে আলোচনা চলছে। ‘দিওয়ানা’ নামের আরেকটি সিনেমাও তার হাতে রয়েছে। অস্ট্রেলিয়া যাওয়ার আগে তিনি কে এ নিলয় পরিচালিত ‘বউ’ ও অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ সিনেমার কাজ শেষ করেছেন। ববি বলেন, ‘শিল্পীরা সিনেমার কাজ শেষ হওয়ার পর মুক্তির জন্য অপেক্ষা করেন। আমার অভিনীত দুটি সিনেমার গল্প চমৎকার এবং চরিত্রেও বৈচিত্র্য রয়েছে। দর্শক আমাকে সেভাবেই দেখতে পাবেন।’

সর্বশেষ ববিকে দেখা গেছে ‘ময়ূরাক্ষী’ সিনেমায়, যা রাশিদ পলাশ পরিচালিত এবং সিনেমাটি গত বছরের ঈদে মুক্তি পেয়েছে। তবে এ সিনেমা ও সৈকত নাসির পরিচালিত ‘পাপ’ ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি। তবুও ববি হতাশ হননি, নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।