বলিউডের দুই কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার ও শাহরুখ খান। দুজনের মধ্যে সম্পর্ক ছিল গভীর স্নেহমাখা ও শ্রদ্ধার। শাহরুখের আজকের কিং খান হয়ে ওঠার পেছনে দিলীপ কুমারের অনুপ্রেরণা-উৎসাহের অবদান ছিল ব্যাপক। তবে ওই অনুপ্রেরণার গল্পটি একটু অন্য রকম। মজার ঘটনাটি অনেকেরই অজানা। শাহরুখের নিজের কথায়, দিলীপ কুমারের এক ‘হালকা থাপ্পড়’ তার ক্যারিয়ারকে ১০ বছর এগিয়ে দিয়েছিল। দেবদাস সিনেমায় অভিনয় করার আগে পরামর্শ নিতে শাহরুখ নিজে কিংবদন্তির বাড়িতে গিয়েছিলেন, যাতে তার অভিনয়ে আবেগময় তীব্রতা ফুটিয়ে তুলতে পারেন। ১৯৫৫ সালে দেবদাস চরিত্রে দুর্দান্ত অভিনয় করে চরিত্রটিকে অমর করেছিলেন দিলীপ কুমার।
২০০১ সালের জি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে দাঁড়িয়ে শাহরুখ খান স্মৃতিচারণ করেছিলেন যে দিলীপ কুমারের সেই ‘হালকা চড়’ তার জন্য হয়ে উঠেছিল বড় আশীর্বাদ। তিনি বলেন, ‘যখন আমি মুম্বাইতে এসে দিলীপ সাহেবের সঙ্গে দেখা করি, তিনি হালকা করে আমার গালে চড় দিয়ে বলেছিলেন, “মেহনত করো”।’ দিলীপ কুমারের এ মন্তব্যের এক বছর পর ২০০২ সালে শাহরুখ অভিনীত ‘দেবদাস’ মুক্তি পায়। শাহরুখের অভিনয়ে চলচ্চিত্রটি তুমুল জনপ্রিয় হয়। বক্স অফিসে আলোড়ন তোলে। এর প্রভাব ছিল সুদূরপ্রসারী। বলিউড বাদশাহ ভারতীয় সিনেমার অন্যতম দীর্ঘস্থায়ী ও শ্রেষ্ঠ হিসেবে প্রতিষ্ঠা পান।
দিলীপের বাড়িতে ঘটে যাওয়া সেদিনকার স্মৃতিচারণে শাহরুখ আরো বলেছিলেন, ‘এখন মনে হয়, ক্যারিয়ারকে আবার সামনে এগিয়ে নিতে হলে আমাকে দিলীপ সাহেবের কাছে আরেকটা জোরে চড়ের অনুরোধ করতে হবে—হয়তো তাতে আমি আরো দুই দশক টিকে থাকতে পারব।’ সেই সন্ধ্যায় দিলীপ কুমার ও সায়রা বানু দম্পতিকে মঞ্চে স্বাগত জানানোর সৌভাগ্য হয়েছিল শাহরুখের।
বর্তমানে শাহরুখ খান ভারতের সবচেয়ে ধনী অভিনেতা, যার সম্পদের পরিমাণ আনুমানিক ১৪ হাজার কোটি রুপি। এ খ্যাতি ও সফলতার পেছনে মাইলফলক ছিল আশীর্বাদের সেই ‘চড়’।
২০২১ সালে দিলীপ কুমারের মৃত্যুর আগ পর্যন্ত তার বাড়িতে প্রায়ই যেতেন শাহরুখ। নিয়মিত খোঁজখবর রাখতেন। দিলীপের স্ত্রী সায়রা বানুও স্নেহভরে শাহরুখকে তাদের সন্তান বলে ডাকতেন। ইনস্টাগ্রামে সায়রা বানু একবার লিখেছিলেন, ‘প্রথমবার আমি শাহরুখকে দেখেছিলাম একটি অনুষ্ঠানে। আমি সঙ্গে সঙ্গেই বলেছিলাম, সে খুব লাজুক। সামনে আসতে ইতস্ততবোধ করছিল। আমি খেয়াল করলাম, ওকে আমার শাহেনশাহ দিলীপ সাহেবের মতোই লাগছিল। আমি বলেছিলাম, “যদি আমার ছেলে থাকত, সে ঠিক এমনই হতো”।’
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










