রণবীর কাপুরের নতুন সিনেমা ‘অ্যানিমল’। পরিচালনা করেছেন সন্দীপ রেড্ডি ভাংগা। এর আগে ‘অর্জুন রেড্ডি’ ও এর বলিউড সংস্করণ ‘কবির সিং’ নির্মাণ করে আলোচনা তোলার পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। অনেক জল্পনাকল্পনার পর গত ২৮ সেপ্টেম্বর মুক্তি পেল অ্যানিমলের ট্রেলার। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১ ডিসেম্বর। এর মধ্যেই সিনেমায় রণবীর কাপুরের লুক ও ববি দেওলের ছোট একটি ঝলক বেশ আলোচনায় আছে। তবে নতুন খবর সিনেমাটির জন্য পারিশ্রমিক কমিয়েছেন রণবীর কাপুর। নিয়মিত পারিশ্রমিকের অর্ধেক নিয়েছেন তিনি। ভারতীয় মুদ্রায় এর পরিমাণ ৩০-৩৫ কোটি রুপি।
রণবীর কাপুর এ সময় তার এক একটি সিনেমার জন্য ৭০ কোটি রুপি পর্যন্ত নিয়ে থাকেন। কিন্তু সিনেমার বাজেটসহ অন্যান্য কারণে অ্যানিমলের ক্ষেত্রে রণবীর তার পারিশ্রমিক কমিয়েছেন। হিন্দুস্তান টাইমসের তথ্যানুসারে, এ সিনেমার জন্য রণবীর কাপুর ৫০ শতাংশ কমিয়েছেন পারিশ্রমিক। নির্দিষ্ট করে জানানো হয়নি কত নিচ্ছেন রণবীর। তবে পিংকভিলা জানিয়েছে, তিনি ৩০-৩৫ কোটি রুপি নিচ্ছেন এ সিনেমার জন্য।
গ্যাংস্টার জনরার এ সিনেমার বাজেটের দিকে বেশি মনোযোগ দিয়েছেন নির্মাতারা। পিংকভিলা বলছে, ‘সিনেমাটির প্রডাকশনে বেশি খরচ করার ইচ্ছা থেকে কাজটি করা হয়েছে। রণবীর তার পারিশ্রমিক কমিয়ে প্রডাকশন ভ্যালু বাড়াতে সাহায্য করেছেন।’ তবে এখানে আরেকটি বিষয়ও যুক্ত আছে। রণবীর তার পারিশ্রমিক কমিয়েছেন ঠিকই, তবে সিনেমাটি বক্স অফিসে মুনাফা আনতে পারলে সেখান থেকে একটি অংশ পাবেন এ অভিনেতা।
শমসেরা মুক্তির পর ব্যর্থ হয়েছিল বক্স অফিসে। ফলে অ্যানিমল রণবীরের জন্য গুরুত্বপূর্ণ। সিনেমাটি নির্মাণে তাই কোনো রকম ছাড় দিতে চাননি এ অভিনেতা নিজেও। সে কারণে যথাসম্ভব খরচ কমানোর চেষ্টা করেছেন। এ সিনেমার মধ্য দিয়ে নতুন জনরায় ফিরতে চাইছেন রণবীর কাপুর।
অ্যানিমলে রণবীরের সঙ্গে অভিনয় করছেন অনিল কাপুর। রণবীরের বাবার চরিত্রটি করছেন তিনি। রণবীরের নায়িকা হিসেবে এ সিনেমায় থাকছেন রাশমিকা মানদানা। সিনেমার ট্রেলার দেখে বোঝা গেছে মারদাঙ্গা সিনেমা হতে যাচ্ছে অ্যানিমল। সঙ্গে রোমান্সও থাকবে। সন্দীপের সিগনেচার হলো এ দুটি বিষয়। তবে এর মধ্যে যে বিষয়টি দর্শককে আরো টানছে তা হলো ট্রেলারের শেষ অংশে ববি দেওলের লুক। রণবীরের সঙ্গে ববিকেও নতুন করে উপস্থাপন করছেন ভাংগা।
সূত্র ও ছবি: পিংকভিলা










