জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে চেষ্টার কমতি থাকে না সংশ্লিষ্টদের। এবারও মঞ্চ মাতাবেন শোবিজ তারকারা। আর সঞ্চালকের ভূমিকায় থাকবেন জনপ্রিয় দুই তারকা ফেরদৌস আহমেদ ও নুসরাত ফারিয়া।

আগামীকাল বৃহস্পতিবার (৯ মার্চ) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১’-এর আসর। পুরস্কার তুলে দেয়ার পর অনুষ্ঠিত হবে প্রায় এক ঘণ্টা দৈর্ঘ্যের সাংস্কৃতিক অনুষ্ঠান। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি থাকবেন হাসানুল হক ইনু এবং সভাপতিত্ব করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ।

ফেরদৌস ও নুসরাত ফারিয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে থাকছে বঙ্গবন্ধু ও দেশ বন্দনা নিয়ে ওয়ার্দা রিহাব ও তার দলের পরিবেশনা। আরো পারফর্ম করবেন অপু বিশ্বাস, নিপুণ, তারিন, বাপ্পি চৌধুরী, জায়েদ খান, ইমন, নীরব, দীঘি, আঁচল, পূজা চেরি, ঐশী, তমা মির্জাসহ ২৬ জন শিল্পী। 

ধনধান্যে পুষ্পে ভরা, শুধু গান গেয়ে পরিচয়, হইহই রঙ্গিলা, পিচ ঢালা এই পথটারে ভালোবেসেছি, বেদের মেয়ে জোসনা, কী যাদু করিলাসহ একাধিক গানের সঙ্গে পারফর্ম করবেন তারা।

এছাড়া গানে গানে মঞ্চ মাতাবেন পার্থ বড়ুয়া, আঁখি আলমগীর, ইমরান, কোনাল, লিজা, সাব্বির, নন্দিতা ও নিশিতা বড়ুয়া।

২০২১ সালে চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় ২৭ ক্যাটাগরিতে ৩৪টি পুরস্কার দেয়া হবে শিল্পীদের। সেই সঙ্গে মুজিববর্ষের বিশেষ চলচ্চিত্রের পুরস্কার পাচ্ছে ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’। এ ছাড়া যৌথভাবে আজীবন সম্মাননা পাচ্ছেন ইলিয়াস কাঞ্চন ও ডলি জহুর।