ঢাকার ইতিহাসের বিশাল অংশজুড়ে আছে পুরান ঢাকা। ইতিহাসের বিভিন্ন নিদর্শন ছড়িয়ে আছে পুরান ঢাকার অলিতে-গলিতে। এবার সে ঐতিহ্য তুলে ধরা হলো শিল্প প্রদর্শনীতে। আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে চলছে ‘পুরান ঢাকা থেকে শেখা: জীবন্ত ঐতিহ্যগুলোর ভবিষ্যৎ অনুসন্ধান’ শীর্ষক প্রদর্শনী। শুক্রবার প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশের ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান চার্লস হোয়াইটলি, বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই, বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এন্তোনিও এলেসান্দ্রো, বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের চার্জ দ্য অ্যাফেয়ার্স থিজ উডস্ট্রা ও বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক খন্দকার সাব্বির আহমেদ।
আলিয়ঁস ফ্রঁসেজের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রদর্শনীটি ইনএসএ, প্যারিস লা ভিলেট, বুয়েট, বিভিসিওএ, নাভি মুম্বাই, সিএটি, ত্রিভান্দ্রম ও মকপো বিশ্ববিদ্যালয়, দক্ষিণ কোরিয়ার স্থাপত্যের শিক্ষার্থীদের গ্রুপগুলোর দুই সপ্তাহের স্থাপত্যবিষয়ক গবেষণার ফলাফল। তারা পুরান ঢাকার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে অনুসন্ধান করেছে।
ঢাকা তার স্থাপত্য ও জীবন্ত ঐতিহ্য হারানোর ঝুঁকিতে রয়েছে। পুরান ঢাকা ও বুড়িগঙ্গা নদীর আছে পুরনো সম্পর্ক, কিন্তু আজ সেখানে তৈরি হয়েছে বিভিন্ন সংকট। ৪৪ জন শিক্ষার্থী ও ১২ জন পরামর্শদাতার একটি দল, পুরনো শহরের ঐতিহ্য এবং বর্তমান সংকটের দিকগুলোকে মানচিত্র ও নথিভুক্ত করতে একসঙ্গে কাজ করেছেন। তাদের অনুসন্ধানের ভেতর অন্তর্ভুক্ত ছিল মোগল আমলের মহল্লা থেকে বড় কাটরার রূপান্তর, শাঁখারী কারিগরদের কাছ থেকে শাঁখারী চুড়ি তৈরির হারানো কারুকাজ শেখা, তাঁতীবাজারের ঐতিহ্য।
এছাড়া স্থাপত্যের শিক্ষার্থীদের অনুসন্ধানে উঠে এসেছে বাংলাবাজারে বই ও বাংলা ভাষা, গোল তালাবের আকারে পুরান ঢাকার ঘন বুননে বিরল মরূদ্যান, মঙ্গলাবাস জমিদার প্রাসাদের রূপান্তর ও ফরাসগঞ্জের পার্শ্ববর্তী এলাকার কাঠের সঙ্গে কাগজের সংযোগের গল্প। প্রদর্শনীটি চলবে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত। সবার জন্য উন্মুক্ত এ প্রদর্শনী প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে।










