জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে নির্মাণ হচ্ছে বিশেষ টেলিফিল্ম ‘প্রিয় এমন রাত’। এ নাটকে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা মামুন হাসান ইমন ও অভিনেত্রী শবনম ফারিয়া। তাদের অভিনয়ে দর্শক দেখতে পাবেন এক ভিন্ন স্বাদের প্রেমের গল্প।
টেলিফিল্মটির অনুপ্রেরণা এসেছে কাজী নজরুল ইসলামের জনপ্রিয় গান ‘প্রিয় এমন রাত যেন যায় না বৃথা’ থেকে। গানটির আবেগময় ভাব ও অন্তর্নিহিত গল্পকে উপজীব্য করে এর কাহিনী বিস্তার করেছেন নির্মাতা মুশফিকুর রহমান গুলজার। প্রেমিকার হৃদয়ের আবেগ, আকুলতা ও ভালোবাসার গভীরতা নাটকটির মূল উপজীব্য।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, ‘নজরুলের অসংখ্য গানেই ভালোবাসার নানা রূপ প্রকাশ পেয়েছে। একটু অনুভূতি দিয়ে শুনলে বোঝা যায় প্রতিটি গানের ভেতরে লুকিয়ে আছে গল্প। আমি চেষ্টা করেছি এমন একটি গানকে কেন্দ্র করে নাটক নির্মাণ করতে। এই প্রথম ইমন ও ফারিয়া একসঙ্গে কাজ করলেন কোনো নজরুলভিত্তিক নাটকে। তাদের অভিনয় দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’










