সিনেমার জন্য আলিয়া ভাটের পরিশ্রম ও দায়বদ্ধতার প্রশংসা করলেন করণ জোহর। সম্প্রতি এক সাক্ষাত্কারে ব্রহ্মাস্ত্রের প্রযোজক করণ বলেছেন, আলিয়া ভাট ও রণবীর কাপুর এ সিনেমার জন্য তাদের জীবনের সাতটি বছর দিয়েছেন। তিনি জানিয়েছেন, ব্রহ্মাস্ত্র ছবিতে যখন আলিয়া চুক্তিবদ্ধ হন, তখন তার বয়স ২১, সত্যি সত্যিই তিনি এ সিনেমার সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছেন।
সম্প্রতি এক গোলটেবিল বৈঠকে অনুপমা চোপড়ার সঙ্গে আলাপে করণ তার প্রযোজনায় আসন্ন ছবি ব্রহ্মাস্ত্র নিয়ে কথা বলেছেন। এ ছবির জন্য আলিয়া ভাট ও রণবীর কাপুরের প্যাশন-পরিশ্রমের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন বলিউডের এ প্রভাবশালী পরিচালক। একই সঙ্গে উল্লেখ করেছেন এ ছবির তরুণ পরিচালক আয়ান মুখার্জির কথা। করণের কথায়, একটা তরুণ ছেলে তার সাত বছর ধরে প্রতিদিন একটা সিনেমার জন্য কাজ করছে। আমি চোখের সামনে দেখেছি আয়ান কীভাবে তার রক্ত-ঘাম এক করে সিনেমার জন্য কাজ করেছে। রাজামৌলি স্যারের সঙ্গে আমার বিভিন্ন সময় কথা হয়েছে। তিনি মাঝেমধ্যেই বলেন কীভাবে প্রভাস ও রানা দুগ্গাবতী তাদের জীবনের পাঁচটি বছর ব্যয় করেছেন বাহুবলীর পেছনে।
ব্রহ্মাস্ত্র সিনেমায় রণবীর কাপুর ও আলিয়া ভাটের কাজ নিয়ে করণ বলেন, ‘রণবীর তার সাত বছর সময় দিয়েছেন। আলিয়াও কোনো প্রশ্ন ছাড়া তার সাতটি বছর খরচ করেছেন। কত শিডিউল বাতিল হয়েছে, সরকার বদল হয়েছে, কিন্তু ব্রহ্মাস্ত্রের কাজ ঠিকই এগিয়ে চলেছে। এ সিনেমার সঙ্গে সঙ্গে বড় হয়েছে আলিয়া। সিনেমাটার চুক্তি স্বাক্ষরের সময় তার বয়স ছিল ২১। এখন সে ২৮ বছরের তরুণী। সিনেমাটা যখন মুক্তি পাবে, তখন আলিয়ার বয়স হবে ২৯। কাজ শুরুর সময় সে ছিল একেবারে নতুন শিল্পী, কিন্তু এখন আলিয়া ইন্ডাস্ট্রির গুরুত্বপূর্ণ অভিনেত্রী।’
দীর্ঘদিনের এ প্রকল্পে জড়িত সবাইকে কাজটির প্রতি প্যাশনেট করে তুলেছে বলে মনে করেন করণ। তার কথায়, ব্রহ্মাস্ত্রের কেউ আর এখন পারিশ্রমিকের দিকে তাকিয়ে কাজ করছে না, বরং এটা এখন সবার প্যাশনে পরিণত হয়েছে।
ব্রহ্মাস্ত্র সিনেমায় রণবীর ও আলিয়া ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, নাগার্জুন আক্কিনেনি। সিনেমাটি একটি ট্রিলজির পর্ব হিসেবে নির্মাণ করা হয়েছে। ব্রহ্মাস্ত্র এ বছর ৯ নভেম্বর হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: বলিউড হাঙ্গামা










