দক্ষিণী সুপারস্টার ধানুশ তার বাবা-মাকে একটি বাড়ি উপহার দিয়েছেন। বাড়িটির মূল্য ভারতীয় মুদ্রায় ১৫০ কোটি রুপি। ২০২১ সাল থেকে চেন্নাইতে এটি তৈরি শুরু হয়। এর অবস্থান চেন্নাইয়ের পয়েস গার্ডেনে। ধানুশ বহুদিন ধরে এ বাড়ি তৈরির সঙ্গে নিজেই যুক্ত ছিলেন। সম্প্রতি বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠান হয়ে গেল। সেখানে ধানুশ নিজে তার বাবা-মাকে বাড়িটি উপহার দেন। ১৫০ কোটি রুপি খরচ হওয়া এ বাড়ি রীতিমতো বিলাসবহুল। এতে সব ধরনের আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। গৃহপ্রবেশ অনুষ্ঠান আড়ম্বরের সঙ্গেই করেছেন এ দক্ষিণী অভিনেতা। বিশেষ সে মুহূর্তের ছবি শেয়ার করেছেন নির্মাতা সুব্রমনিয়ম শিবা।
সুব্রমনিয়ম ক্যাপশনে লিখেছেন, ‘ধানুশের এ ঘর আমার কাছে মন্দিরের মতো মনে হচ্ছে। সন্তানরা যখন বাবা-মায়ের জীবদ্দশায় স্বর্গের মতো বাসস্থান গড়ে দেয়, তখন তারা তাদের নিজেদের সন্তান ও অন্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকে। দীর্ঘজীবী হও ভাই।’ এ সময়ের একটি ছবিও প্রকাশ হয়েছে। ছবিতে ধানুশকে লম্বা চুল ও দাড়িতে দেখা যায়। সম্ভবত কোনো সিনেমার লুক তৈরি করতে এ বেশ নিয়েছেন তিনি।
ছবি ও সূত্র: টাইমস অব ইন্ডিয়া










