মুক্তি আগেই আলোচনায় ছিল ‘স্যাম বাহাদুর’ সিনেমাটি। ভারতীয় সেনাবাহিনীর প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশকে নিয়ে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন বলিউডের গুণী নির্মাতা মেঘনা গুলজার। আর এ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। স্যাম বাহাদুর মুক্তির আগেই প্রশংসা পাচ্ছিলেন ভিকি। অন্যদিকে ট্রেলার থেকেই ইতিবাচক সাড়া পেয়েছিলেন নির্মাতা। সব মিলিয়ে ভিকি ভক্তরা ভেবেছিলেন, প্রথম দিনেই নতুন রেকর্ড করবে এ সিনেমা। কিন্তু প্রথম দিনে ৬ কোটি রুপি আয় হতাশ করেছিল ভিকি ভক্তদের। ভিকি অবশ্য আগেই এ সাক্ষাৎকারে বলেছিলেন, সিনেমাটির আয় বাড়বে সময়ের সঙ্গে, হয়েছেও তাই। ছয়দিনে স্যাম বাহাদুর বিশ্বব্যাপী আয় ছাড়িয়েছে ৪৫ কোটি রুপি। সপ্তম দিনেই সিনেমাটি ৫০ কোটি রুপি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা।
বক্স অফিস রিপোর্ট বলছে, সিনেমাটি শুধু ভারতজুড়ে ৩৫ কোটি ৮৫ লাখ রুপি আয় করেছে। এর মধ্যে সর্বোচ্চ আয় করে রোববার। এদিন এর আয় ছিল ১০ কোটি ৩০ লাখ রুপি। ১ ডিসেম্বর মুক্তি পায় স্যাম বাহাদুর ।
ডিসেম্বরের প্রথম দিনই বক্স অফিসে মুখোমুখি হয় বলিউডের দুই আলোচিত সিনেমা ‘অ্যানিমেল’ ও ‘স্যাম বাহাদুর’। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল সিনেমাটি মুক্তির প্রথম দিনই শুধু ভারতের বক্স অফিসে ৬১ কোটি রুপি আয় করেছে। বলিউডে এ বছর মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের দিক থেকে এটি সর্বোচ্চ। এরই মধ্যে ৫০০ কোটি রুপি আয় ছাড়িয়েছে অ্যানিমেল।
অ্যানিমেলের সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও স্যাম বাহাদুর ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করে নিচ্ছে। পুনেতে সিনেমাটির সর্বোচ্চসংখ্যক আসন দখল করে রেখেছে এবং পরের স্থানে রয়েছে মুম্বাই। ভিকিকে সর্বশেষ দেখা গিয়েছে ‘জারা হাটকে, জারা বাঁচকে’ সিনেমায় । তার বিপরীতে ছিল বলিউড অভিনেত্রী সারা আলি খান। বক্স অফিসে ব্যবসাসফল হয় সিনেমাটি। বিশ্বব্যাপী এর আয় ছিল ১১৫ কোটি রুপি।
ভারতের সাবেক সেনাপ্রধান ও প্রথম ফিল্ড মার্শাল সেনা কর্মকর্তা স্যাম মানেকশের জীবনের গল্পটা পর্দায় নিয়ে এসেছে স্যাম বাহাদুর। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন জামশেদজি মানেকশ। সে চরিত্রই ফুটিয়ে তুলেছেন ভিকি কৌশল। সে সময় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিল ভারতীয় সেনারা । তাদের নেতৃত্বে ছিলেন এ স্যাম বাহাদুর। এছাড়া ১৯৪৭ সালে ভারত-পাক যুদ্ধ, ১৯৪৮ সালে হায়দরাবাদ সংকটের সময়ও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। সিনেমায় স্যাম মানেকশের স্ত্রী শিলু মানেকশের চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা। অন্যদিকে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










