ভারতের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একের পর এক বড় খবর আসছে। সর্বশেষ আরেকটি খবর হলো রজনীকান্তের সঙ্গে একটি সিনেমায় অভিনয় করছেন অমিতাভ বচ্চন। এর মাধ্যমে ৩২ বছর পর একই সিনেমায় দেখা যাবে তাদের। সিনেমাটির নাম এখনো চূড়ান্ত হয়নি, তবে আপাতত একে বলা হচ্ছে ‘‌থালাইভার ১৭০’। কারণ এটি হতে যাচ্ছে রজনীকান্ত অভিনীত ১৭০তম সিনেমা। 

বুধবার রাতে থালাইভার ১৭০ হিসেবে উল্লেখ করে সিনেমার কাস্ট সম্পর্কে জানানো হয়। সিনেমাটিতে অভিনয় করবেন ফাহাদ ফাসিল, রানা দাগুবতি, রিতিকা সিংসহ আরো অনেকে। এর মধ্যে ফাহাদ ও রানা বড় নাম। সিনেমার নির্মাতা টিজে জ্ঞানভেল। তার সর্বশেষ নির্মাণ ‘‌জয় ভিম’ ২০২১ সালে মুক্তি পায় এবং সিনেমাটি প্রশংসিত হয়। ধারণা করা হচ্ছে, রজনীকান্তকে আবারো পুলিশের উর্দিতে দেখা যাবে এ সিনেমায়। অমিতাভ কোন চরিত্রে থাকবেন, তা নিয়ে এখনো কিছু বলা হয়নি। তবে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লাইকা ফিল্মস থেকে গতকাল অমিতাভ ও রজনীকান্তের ছবিসহ পোস্ট টুইটের মাধ্যমে জানানো হয়েছে ৩২ বছর পর দুই অভিনেতাকে একসঙ্গে দেখা যাবে।

এর আগে রজনীকান্ত ও অমিতাভ বচ্চনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘‌হাম’ নামের বলিউড সিনেমায়। ১৯৯১ সালে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছিলেন মুকুল আনন্দ। এতে অমিতাভ ও রজনীকান্তের সঙ্গে ছিলেন গোবিন্দ। তিন ভাইয়ের চরিত্রে অভিনয় করেছিলেন তারা। এর আগে ১৯৮৩ সালে ‘‌আন্ধা কানুন’ সিনেমায় অতিথি চরিত্রে ছিলেন অমিতাভ। তবে ১৯৮৫ সালে মুক্তি পাওয়া ‘গ্রেফতার’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন তারা।