৩১ অক্টোবর হ্যালোইনে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লেতে ভৌতিক গল্প নিয়ে আসছে ওয়েব ফিল্ম ‘বিভাবরী’। অনীশ দাস অপুর ছোটগল্প ‘মধ্যরাতের খাবার’ অবলম্বনে টিটো রহমান নির্মাণ করেছেন ফিল্মটি। এ ওয়েব ফিল্মে অভিনয় করেছেন সাদিয়া আয়মান, ইরেশ যাকের, ফারিহা শামস সেউতি, রোজী সিদ্দিকী ও রিফাহ নাজিবা।
গল্পে দেখা নিম্নবিত্ত ঘরের মেয়ে নীতু গ্রাম ছেড়ে পড়াশোনার জন্য শহরে এলেও জীবনযুদ্ধ তার নিত্যসঙ্গী। নিজের থাকা, খাওয়া, অসুস্থ মাকে টাকা পাঠানো, ডে কেয়ার সেন্টারে সামান্য বেবি সিটারের কাজ করা আয় দিয়েই তাকে এসব সামলাতে হয়। এমনকি টাকা বাঁচাতে তাকে থাকতে হয় শহরতলির শেষে একটি পুরনো হোস্টেলে।

কিন্তু ইদানীং হঠাৎ করেই হোস্টেলে ফেরার নির্জন পথে মাঝেমধ্যে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায় সে। মনে হয়, কিছু একটা ফলো করছে তাকে। নীতু এসবকে গুরুত্ব না দিয়ে নিজের কাজ করার চেষ্টা করে। কিন্তু অলৌকিক বিষয় তার পিছু ছাড়ে না।
ওয়েব ফিল্মটি নিয়ে টিটো রহমান বলেন, ‘আমাদের চেষ্টা ছিল ভূত নিয়ে সিরিয়াস ধরনের কাজ করা, যেমনটা বাইরের দেশে হয়। ভয়ে আঁতকে উঠতে হয়। যদিও আমাদের ইন্ডাস্ট্রি ভূতের গল্প ডিল করার জন্য বাজেট, টেকনোলজি, মেকআপ ইত্যাদি ক্ষেত্রে খুব বেশি প্রস্তুত নয়। তবু যা আছে, তা নিয়েই আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।’
বিভাবরীর প্রচার করতে গিয়ে বিতর্কে পড়েছেন সাদিয়া আয়মান। ফেসবুক লাইভে এসে ‘বিপদে পড়েছি’ টাইপের কথা বলে দর্শকের মনোযোগ নিয়েছেন। এ নিয়ে হয়েছে দারুণ সমালোচনা। তবে সেসব কাটিয়ে ফিল্মটির ভালো-মন্দ দেখে দর্শক বিচার করবেন বলেই মনে করেন নির্মাতারা।










