কণ্ঠশিল্পী শ্রাবণী সায়ন্তনী আবারো হাজির হচ্ছেন নতুন গান নিয়ে। শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে তার কণ্ঠে গাওয়া ভুল মানুষ। গানটি লিখেছেন ও সুর করেছেন দেলোয়ার আরজুদা শরফ।

২০১৭ সালে ‘চ্যানেল আই সেরাকণ্ঠ’-এ অংশগ্রহণের মধ্য দিয়েই শ্রাবণীর সংগীতযাত্রা শুরু। এর পর থেকে নিয়মিতই তিনি গান করে যাচ্ছেন। তার প্রথম মৌলিক গান ছিল ‘বৈশাখ এলোরে’। এরপর একে একে প্রকাশ হয় আরো কিছু মৌলিক গান। সর্বশেষ প্রকাশিত ‘না বলা কতো কথা’ গানে শ্রাবণীর কণ্ঠশৈলী ও পরিপক্বতা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। মিউজিক ভিডিওতেও তিনি নিজেকে সাবলীলভাবে উপস্থাপন করে অভিনয়ের যোগ্যতা নিয়েও দর্শকের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন। গানটি লিখেছেন ও সুর করেছেন তরুণ সিং।

নতুন গান ভুল মানুষ প্রসঙ্গে শ্রাবণী বলেন, ‘খুব ছোটবেলায় আমার গানের হাতেখড়ি হয়েছিল বাবার কাছ থেকে। এরপর নানা ওস্তাদের কাছেই তালিম নিয়েছি। এখন বিশ্বভারতীতে হিন্দুস্তানি ক্ল্যাসিক্যাল মিউজিক বিষয়ে পড়াশোনা করছি। রুনা লায়লা ম্যাডাম কিংবা সাবিনা ইয়াসমিন ম্যাডামকে বহুবার বলতে শুনেছি, গানে চর্চার কোনো বিকল্প নেই। আমিও নিয়মিত চর্চার মাধ্যমে গান নিয়েই এগিয়ে যেতে চাই।’

শ্রাবণীর প্রথম প্লেব্যাক ছিল ‘ডেডবডি’ সিনেমায়, ‘জানরে’ শিরোনামের গানে। নিজের প্রতিটি মৌলিক গানের মতোই তিনি আশা করছেন নতুন গান ভুল মানুষও শ্রোতাদের মনে জায়গা করে নেবে।