মিয়াজাকির মাই নেইবার টোটোরো অন্যতম জনপ্রিয় এনিমে। ১৯৮৮ সালে মুক্তি পায় সিনেমাটি। এরপর লন্ডনে এনিমেটির মঞ্চায়নও হয়েছিল। লন্ডনের বার্বিকানে দ্বিতীবারের মতো আয়োজিত হতে যাচ্ছে মাই নেইবার টোটোরোর মঞ্চায়ন। নাটকটি বার্বিকানের ক্যাপিটাল সিটিতে অনুষ্ঠিত হবে। আগামী ২১ নভেম্বর থেকে ২৩ মার্চ পর্যন্ত ১৭ সপ্তাহ ধরে চলবে এর মঞ্চায়ন।
মিয়াজাকির এনিমেটি আশির দশকের শেষ দিকে এনিমে জগতে নতুন মোড় এনেছিল। মাই নেইবার টোটোরো এখনো বহু দর্শকের অন্যতম প্রিয় এনিমে। মজার ব্যাপার হলো মঞ্চে আসার পরও নাটক হিসেবে এটি সমান জনপ্রিয় হয়। এ নাটকের নির্দেশক ফেলিম ম্যাকডেরমট মঞ্চায়ন সম্পর্কে বলেন, ‘বহু শিশু-কিশোরের জন্য এটি স্টেজে দেখা তাদের প্রথম নাটক ছিল। আমাদের এখানে বহু শিশু-কিশোর আছে, যারা ভিডিও গেম পছন্দ করে। তারা এ সিনেমা বিশেষভাবে পছন্দ করেছিল।’
মিয়াজাকির স্টুডিও ঘিবলির অন্যতম বৈশিষ্ট্য এর পারিবারিক ভাব। জাপানের নানা লোককথা ও কল্পনার মিশেলে নির্মিত এ গল্পের ভিজুয়াল নতুন করে অ্যানিমেশন শিখিয়েছিল অনেককে।
এনিমেটিকে মঞ্চে তুলে আনার জন্য আলাদা করে কাজ করতে হচ্ছে এর নির্মাতাদের। বেসিল টুইস্ট নির্মাণ করছেন বড় আকারের প্রাণীগুলো। লস অ্যাঞ্জেলেসে জিম হেনসেনরে ওয়ার্কশপে এ নিয়ে কাজ হয়েছিল প্রথম শোটির সময়। শোয়ের পরিচালক নিশ্চিত ছিলেন নাটকটি আবার ফিরবে। সেজন্য প্রথমবারই দীর্ঘস্থায়ী পাপেট বানাতে চেয়েছিলেন। তবে এবার সিদ্ধান্ত নেয়া হয়েছে, নতুন শো নতুন পাপেট দিয়েই হবে।
মাই নেইবার টোটোরো নিয়েই কাজ কেন করলেন, এমন প্রশ্নের উত্তরে ম্যাকডেরমট জানান, জাপানের সাংস্কৃতিক মৌলিকত্ব তাকে আকর্ষণ করেছে। ম্যাকডেরমট বলেন, ‘এনিমে আর স্টেজের স্বাদ তো ভিন্ন। আমরা প্রথম যখন শোটি করি, তখন অনেকে দেখেছেন। আমার বিশ্বাস এবারো দর্শক আসবেন।’
সূত্র: ডেডলাইন










