চলতি বছরের রোজার ঈদে মুক্তি পায় মোস্তফা কামাল রাজ পরিচালিত সিনেমা ‘ওমর’। সিনেমাটি যারা প্রেক্ষাগৃহে দেখতে পারেননি, তাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। আগামীকাল ওমর এক্সক্লুসিভলি ওটিটি প্লাটফর্ম চরকিতে আসছে।
এতে করে ঘরে বাইরে যেখানে খুশি সিনেমাটি দেখতে পারবেন সুবিধামতো সময়ে। যারা প্রেক্ষাগৃহে দেখে ফেলেছেন, তারা চাইলে আবারো চরকিতে দেখে নিতে পারবেন। এ সিনেমা চরকিতে দর্শক দেখতে পাবেন প্রেক্ষাগৃহের মতো টিকিট কেটে। তবে ম্যানুয়ালি নয় ডিজিটালি। প্রেক্ষাগৃহের মতো ২০০-৫০০ টাকা লাগবে না, এটি দেখতে লাগবে মাত্র ৩৫ টাকা।
ওমর সিনেমার দৃশ্য সংলাপে রহস্যটা জিইয়ে রাখতে পেরেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। ট্রেলার দেখে একটি মৃত্যুর ঘটনা জানা গেলেও এর আগে-পরে তেমন কিছু বোঝা যায় না। এতে থাকা রহস্যের শেষ দেখতে চাইলে অপেক্ষা করতে হবে আরো কিছুদিন। চরকি টিকিটে ওমর দেখতে চাইলে মোবাইলে ইনস্টল করে নিতে হবে চরকি অ্যাপ অথবা ব্রাউজ করতে হবে www.chorki.com এ। মোবাইল নম্বর বা ই-মেইল দিয়ে করে নিতে হবে লগইন। এ সিনেমায় ক্লিক করলেই গ্রাহক পাবেন পেমেন্ট অপশন। পছন্দের গেটওয়েতে পেমেন্ট করে দেখে নিতে পারবেন সিনেমাটি।
বিদেশ থেকে দেখতে চাইলে একই ধাপ পার করতে হবে দর্শককে। ভারতের দর্শক ৩৫ রুপিতে দেখতে পারবেন ওমর। বাংলাদেশ-ভারত বাদে অন্য দেশ থেকে দেখতে চাইলে দর্শককে দিতে হবে ১ দশমিক ৯৯ ডলার। সিনেমাটি চরকিতে মুক্তির মাধ্যমে আরো অনেক দর্শকের কাছে ছড়িয়ে যাবে বলে মনে করেন এর নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ।
তিনি বলেন, ‘চরকিতে ওমর মুক্তির মাধ্যমে বিভিন্ন দেশের দর্শক এটি দেখতে পারবেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এতদিন ধরে জানিয়ে আসছিলেন সিনেমাটি দেখতে চান, তাদের জন্যই এটি ওটিটি প্লাটফর্মে মুক্তি দেয়া। আশা করি সবাই এ সিনেমা দেখবেন, ওটিটির দর্শকেরও চাহিদা মেটাতে পারবে বলে আমার আশা। বাকিটা দর্শকই বলে দেবে।’
চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ার রনি জানান, ওমর সিনেমাটি চরকির জন্য এক্সক্লুসিভ কনটেন্ট। এটি যেন সহজভাবে সবাই দেখতে পারে, সেজন্যই ৩৫ টাকায় ’টিভিওডি’ বা ’ট্রানজেকশনাল ভিডিও অন ডিমান্ড’ পদ্ধতিতে সিনেমাটি মুক্তি দেয়া। দর্শক আনন্দের সঙ্গে এটি উপভোগ করতে পারলেই এ চেষ্টা সার্থক হবে বলে মনে করেন তিনি।
মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, শহীদুজ্জামান সেলিম, আবু হুরায়রা তানভীর, ফজলুর রহমান বাবু, আরফান মৃধা শিবলু, রোজী সিদ্দিকীসহ অনেকে। ছবিটির গল্প লিখেছেন ও চিত্রনাট্য করেছেন সিদ্দিক আহমেদ, সিনেমাটোগ্রাফিতে ছিলেন রাজু রাজ। মাস্টার কমিউনিকেশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম।










