ভারতীয় বংশোদ্ভূত অভিনেতা কুমাইল নানজিয়ানি। তাকে দেখা গিয়েছিল মার্ভেল স্টুডিওসের সিনেমা ‘ইটার্নালস’-এ। তিনি সুপারহিরো কিংগো চরিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু সিনেমাটি ব্যবসায়িক সাফল্য পায়নি। পাশাপাশি সমালোচকদের কাছ থেকেও পেয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া। সব মিলিয়ে সিনেমাটি ছিল ব্যর্থ। এর সঙ্গে কপাল পুড়েছে কুমাইলেরও। মার্ভেলের সঙ্গে ছয় সিনেমার চুক্তি স্বাক্ষর করলেও সেগুলোর কোনোটিই আর তৈরি হয়নি।

সম্প্রতি কুমাইল উপস্থিত হয়েছিলেন মাইক বিরবিগলিয়ার পডকাস্ট ‘ওয়ার্কিং ইট আউট’-এ। সেখানে তিনি এসব প্রসঙ্গে কথা বলেন। কুমাইল বলেন, ‘কভিডের পরপর সিনেমাটা এসেছিল। আমি প্রায় দেড় বছর ঘরে বসে ভাবতাম সিনেমাটা কবে মুক্তি পাবে। কিন্তু সিনেমা মুক্তি পাওয়ার পর খুব খারাপ সব রিভিউ আসছিল। বিষয়টা আমার মন ভেঙে দিয়েছিল। অবস্থা এমন হয় যে আমাকে থেরাপি নিতে যেতেও হয়েছিল।’

কুমাইল জানান, এ সিনেমার সময় মার্ভেলের আরো ছয়টি সিনেমার চুক্তি হয়েছিল তার সঙ্গে। কিন্তু পরবর্তী সময়ে এ সিনেমাগুলোর কোনোটাই আর নির্মাণ হয়নি। কুমাইল বলেন, ‘আমি ভেবেছিলাম আগামী ১০ বছরের কাজ নিশ্চিত করে ফেলেছি। কেননা মার্ভেলের সঙ্গে ছয়টি সিনেমার চুক্তি হয় আমার। সেই সঙ্গে একটা ভিডিও গেমেরও কথা ছিল। একটা থিম পার্কের কাজও ছিল। তারাই আমার সঙ্গে এ চুক্তি করেছিল। আমি স্বাভাবিকভাবেই ভেবেছিলাম আর কিছু নিয়ে চিন্তা করার নেই আমার। কিন্তু কোনো সিনেমাই আর হলো না।’

২০২১ সালের নভেম্বরে মুক্তি পাওয়া ইটার্নালস মার্ভেলের অন্যতম ব্যর্থ সিনেমা। ২০ কোটি ডলারে নির্মিত সিনেমাটি ৪০ কোটি ডলার আয় করেছিল কিন্তু সিনেমাটি নিয়ে দর্শকের কোনো উচ্ছ্বাস ছিল না। এরপর কুমাইলের কিংগোসহ এ সিনেমার কোনো সুপারহিরোকেই মার্ভেল ফিরিয়ে আনেনি। মার্ভেল এখন তাদের নতুন সিনেমা অ্যাভেঞ্জার্স: ডুমসডে নিয়ে কাজ করছে। এতে বহু চরিত্র ফিরিয়ে আনলেও ইটার্নালসের কোনো চরিত্র থাকছে না।

তবে বাদ পড়া বা এ বিষয় নিয়ে কুমাইল আরো বলেন, ‘আমার সবচেয়ে যে বিষয়টা নিয়ে বেশি চিন্তা হয় তা হলো অন্যের মতামতের কারণে আমার এখন কাজ নেই। হয়তো দুনিয়ায় এর চেয়েও বড় বড় সমস্যা নিয়ে অনেকে বেঁচে আছেন।’

সূত্র: ভ্যারাইটি