রাজ কাপুরের চেম্বর বাংলো অধিগ্রহণ করল গোদরেজ প্রপার্টিজ। ১৯৮৮ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত রাজ কাপুর এ বাংলোয় বসবাস করেছেন। ২০১৮ সালে মারা যান রাজ কাপুরের স্ত্রী কৃষ্ণা রাজ কাপুর। তিনিও ২০১৮ সাল পর্যন্ত এ বাংলোতেই বসবাস করেছেন। কাছাকাছি সময়ে গোদরেজ প্রপার্টিজ রাজ কাপুর স্টুডিও তথা আরকে স্টুডিও কিনে নিয়েছিল। চার বছর পর তারা রাজ কাপুরের বাংলোটিও কিনে নিল।
একটি প্রতিবেদন থেকে জানা গেছে, রাজ কাপুরের বাংলোটির জায়গায় এখন প্রিমিয়াম রেসিডেন্সিয়াল প্রজেক্ট তৈরি করা হবে। ২০১৯ সালে গোদরেজ আরকে স্টুডিও কিনে নেয়। এর পর থেকেই তারা চেম্বরে থাকা রাজ কাপুরের বাংলোটি কেনার চেষ্টা করছিল।
গোদরেজ প্রপার্টিজ লিমিটেডের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর গৌরব পান্ডে বলেন, ‘কাপুর পরিবারের কাছে আমরা কৃতজ্ঞ যে তারা আমাদের এ সুযোগ দিয়েছেন। এখানে নতুন প্রজেক্টের মাধ্যমে আমরা চেম্বরে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারব।’
রাজ কাপুরের ছেলে রনধীর কাপুর বলেন, ‘চেম্বরের এ বাড়িটি আমাদের জন্য আবেগের একটি জায়গা। পরিবারের ইতিহাসের সঙ্গেও এটি যুক্ত। তবে গোদরেজ প্রপার্টিজের মতো একটি প্রতিষ্ঠানের হাতে সেটি দিতে পেরে আমরা খুশি। কেননা তারা এখানে নতুন করে একটি আবাসিক এলাকা গড়ে তুলবেন।’ চেম্বর এক সময় গ্যাস চেম্বার নামে পরিচিত ছিল। কিন্তু বিভিন্ন আবাসিক প্রজেক্টের মাধ্যমে এটিকে উন্নত করা হয়েছে। এখন রাজ কাপুরের ২ দশমিক ২ একরের আরকে স্টুডিও ও বাংলো মিলিয়ে বিস্তৃত জায়গায় নতুন একটি প্রজেক্ট গড়ে চেম্বরের সৌন্দর্য বাড়ানো হবে।
সূত্র: ইয়ন










