তিনি জলরঙের জাদুকর। পাপেটের স্রষ্টা। এছাড়া টেলিভিশন ব্যক্তিত্বও। মুস্তাফা মনোয়ার পা দিলেন নব্বইয়ে। জন্মদিন উপলক্ষে অনন্যা রুমার পরিচালনায় তাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান আজ সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে প্রচার করবে চ্যানেল আই।
‘আমাদের মুস্তাফা মনোয়ার’ অনুষ্ঠানটিতে মুস্তাফা মনোয়ারের জীবন ও কর্ম নিয়ে কথোপকথন করেছেন অভিনেতা নির্মাতা আফজাল হোসেন, খ্যাতিমান চিত্রশিল্পী মনিরুল ইসলাম। এ আয়োজনে শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কেক কাটা হবে। শিল্পীর ইচ্ছে অনুযায়ী শতাধিক পাখি খোলা আকাশে অবমুক্ত করা হবে। শিল্পী মুস্তাফা মনোয়ারকে গান শোনাবে একদল শিশু শিল্পী। অনুষ্ঠানে শিল্পীর আঁকা কিছু দুর্লভ ছবি দেখানো হবে।
প্রতি বছরের ১ সেপ্টেম্বর চ্যানেল আইয়ের তারকা কথনসহ বিভিন্ন অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন মুস্তাফা মনোয়ার। লাল গালিচা পেতে অভ্যর্থনা জানানোসহ ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন পাপেট শোর অন্যতম এ কারিগর। কিন্তু ৯০তম জন্মদিন ঘিরে তাকে নিয়ে চ্যানেল আই আয়োজন করেছে ভিন্নধর্মী এ অনুষ্ঠান।
১৯৩৫ সালের ১ সেপ্টেম্বর মাগুরা জেলার নাকোল গ্রামে নানারবাড়িতে জন্মগ্রহণ করেন মুস্তাফা মনোয়ার। তার পৈত্রিক বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মনোহরপুর গ্রামে। তার বাবা প্রয়াত কবি গোলাম মোস্তফা এবং মায়ের নাম জমিলা খাতুন।
১৯৫৯ সালে কলকাতা চারু ও কারুকলা মহাবিদ্যালয় থেকে ফাইন আর্টসে প্রথম শ্রেণীতে প্রথম হন তিনি। কলকাতা থেকে দেশে আসার পর শিল্পাচার্য জয়নুলের পরামর্শে আর্ট কলেজে পড়ানোর দায়িত্ব নিলেও শেষ পর্যন্ত সেটা ছেড়ে তিনি যোগ দেন বর্তমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। শিশুদের নিয়ে তিনি ভাবতেন। তারা যেন অমূলক কথা বিশ্বাস না করে সত্য ও সুন্দরের প্রতি সজাগ থাকতে পারে, সেজন্য ‘নতুন কুঁড়ি’ ও ‘পাপেট শো’র মতো অনুষ্ঠানের প্রবর্তন করেছিলেন তিনি।










