ডিসেম্বরের প্রথম দিনই বক্স অফিসে মুখোমুখি হয় বলিউডের দুই আলোচিত সিনেমা অ্যানিমেল ও স্যাম বাহাদুর। সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালিত রণবীর কাপুর অভিনীত অ্যানিমেল সিনেমাটি মুক্তির প্রথম দিনই শুধু ভারতের বক্স অফিসে ৬১ কোটি রুপি আয় করেছে। বলিউডে এ বছরে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর প্রথম দিনের আয়ের দিক থেকে এটি সর্বোচ্চ। এদিক থেকে শাহরুখ খানের পাঠানকেও পেছনে ফেলেছে অ্যানিমেল। অন্যদিকে সিনেমাটির প্রধান প্রতিযোগী মেঘনা গুলজার পরিচালিত ও ভিকি কৌশল অভিনীত স্যাম বাহাদুর বক্স অফিসে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে পারেনি।
ভারতের সাবেক সেনাপ্রধান ও ফিল্ড মার্শাল পদে উন্নীত হওয়া প্রথম ভারতীয় সেনা অফিসার স্যাম মানেকশের জীবনের গল্পের ওপর ভিত্তি করে স্যাম বাহাদুর সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সিনেমাটির প্রথম দিনের আয় ৫ কোটি ৫০ লাখ রুপি। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে প্রথমদিনই প্রেক্ষাগৃহে আধিপত্য করছে রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’।
অ্যানিমেল-স্যাম বাহাদুর বক্স অফিসের সংঘর্ষ সম্পর্কে খোলামেলাভাবেই ভিকি দি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘যখন দুজন উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিজে আসেন, একই দলের হয়ে খেলছেন, তখন আপনি বলবেন না যে দুই ব্যাটসম্যান একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করছে না, তারা একক দলের হয়ে খেলছে, তাই আমরা হিন্দি সিনেমার হয়ে খেলছি।’
অন্য এক সাক্ষাৎকারে এ অভিনেতা জানান, তিনি ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে তার প্রশিক্ষণের মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে তারা কীভাবে কাজ করে। তিনি বলেন, ‘আমি সেনাবাহিনীর সঙ্গে কাজ করার অনেক সুযোগ পেয়েছি, প্রথমে ‘উরি’ করার সময় এবং পরে স্যাম বাহাদুর। আমি আসলে তাদের সঙ্গে তারা সিনেমা সম্পর্কে কী ভাবছে, হিন্দি চলচ্চিত্রে তাদের কীভাবে চিত্রিত করা হয় তা নিয়ে অনেক কথা বলেছি। আমি তাদের ইউনিফর্ম, মেডেল, ব্যাজ সম্পর্কে খুব সংবেদনশীল হতে দেখেছি।’ সবে স্যাম বাহাদুর এবং অ্যানিমেল মুক্তি পেয়েছে তাই বক্স অফিসের হালচাল বুঝতে আরেকটু সময় লাগবে বলে মনে করছেন ভারতের চলচ্চিত্র সমালোচকরা।
সূত্র ও ছবি: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










