জেনিফার লরেন্স একটি নতুন সম্মাননা পেতে যাচ্ছেন। এ বছরের সান সেবাস্তিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে তিনি পাচ্ছেন ডোনোস্টিয়া সম্মাননা। তার কর্মজীবনের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হচ্ছে। জেনিফার লরেন্স স্পেনের সান সেবাস্তিয়ান উৎসবে অংশ নেবেন পুরস্কার গ্রহণের জন্য। পুরস্কার প্রদানের অনুষ্ঠানটির পর উৎসবে প্রদর্শিত হবে তার সর্বশেষ সিনেমা ‘ডাই মাই লাভ’। সিনেমাটি পরিচালনা করেছেন লিন রামসে এবং এতে রবার্ট প্যাটিনসনও অভিনয় করেছেন।
‘ডাই মাই লাভ চলচ্চিত্রটির পটভূমি গ্রামীণ আমেরিকা। এটি এক নারীর ভালোবাসা ও উন্মাদনায় আচ্ছন্ন হয়ে পড়ার গল্প। গ্রেস একজন তরুণী মা ও লেখিকা। সে ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারাতে থাকে। মন্টানার আশপাশে একটি পুরনো বাড়িতে বন্দি অবস্থায় থাকে সে। সিনেমার গল্পে দেখা যাবে, গ্রেস ক্রমে অস্থির ও অস্বাভাবিক আচরণ করতে থাকে। ফলে তার সঙ্গী জ্যাকসন উদ্বিগ্ন ও অসহায় বোধ করতে থাকে। এভাবেই এগোয় সিনেমার গল্প। এ সিনেমায় আরো অভিনয় করেছেন লাকিথ স্ট্যানফিল্ড, নিক নল্টি ও সিসি স্পেসেক।
লিন রামসে পরিচালিত সিনেমাটির চিত্রনাট্য তিনি লিখেছেন এন্ডা ওয়ালশ ও অ্যালিস বার্চের সঙ্গে। প্রযোজক হিসেবে আছেন জাস্টিন চিয়ারোকি। আরো আছেন মার্টিন স্করসেস, আন্দ্রেয়া ক্যাল্ডারউড ও ব্ল্যাক লেবেল মিডিয়ার মলি স্মিথ, ট্রেন্ট লাকিনবিল ও থ্যাড লাকিনবিল। শেষোক্তরা ছবিটির অর্থায়নে যুক্ত ছিলেন।
কান ফিল্ম ফেস্টিভ্যালে ২ কোটি ৪০ লাখ ডলারের বিনিময়ে ওটিটি প্লাটফর্ম ‘মুবি’ সিনেমাটির স্বত্ব কিনে নেয়। এ চুক্তির অধীনে ১ হাজার ৫০০টি প্রেক্ষাগৃহে ৪৫ দিন ধরে পূর্ণাঙ্গ প্রেক্ষাগৃহ মুক্তি পাবে। এর আওতায় আছে উত্তর আমেরিকা, লাতিন আমেরিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, জার্মানি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, ইতালি, স্পেন, বেনেলাক্স, তুরস্ক, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
ডেডলাইনের সমালোচক ড্যামন ওয়াইজ কান চলচ্চিত্র উৎসবে সিনেমাটির প্রশংসা করেন এবং জানান, এটি রামসের একটি ‘মন্ত্রমুগ্ধকর চলচ্চিত্র’, যা ‘নির্মম কিন্তু সুন্দর এক গল্প’ বলে। লরেন্স এ সিনেমায় বিশেষভাবে উজ্জ্বল ছিলেন বলে মন্তব্য করেন তিনি। ওয়াইজ লিখেছেন, ‘আমেরিকা ভালো করেই জানে জেনিফার লরেন্স কতটা ভালো অভিনেত্রী। এটি তার পঞ্চম অস্কার মনোনয়ন এনে দিতে পারে।’ রামসের কাজের প্রশংসা করে তিনি বলেন, ‘সিনেমাটি রামসেকে তার ক্যারিয়ারের পরবর্তী ধাপে নিয়ে যেতে পারে।’
সূত্র: ডেডলাইন










