আসছে ঈদ। ব্যস্ততা চলছে নাটক পাড়ায়। বিভিন্ন টেলিভিশন চ্যানেল নিজেদের প্রযোজনায় নাটক নির্মাণ করছে। অন্যদিকে প্রযোজনা প্রতিষ্ঠান ও পরিচালকরা নিজেদের মতো করে নাটক নির্মাণ করছেন। নাটকগুলোয় অভিনয় করছেন ভিন্ন ভিন্ন প্রজন্মের অভিনয় শিল্পীরা। ভিন্নধর্মী দুই নাটকে অভিনয় করছেন জিয়াউল ফারুক অপূর্ব ও তারিন জাহান এবং সাবরিনা পড়শী ও ইয়াশ রোহান। অপূর্ব-তারিন অভিনীত নাটকটির নাম ‘প্রিয় পরিবার’ ও ইয়াশ-পড়শী অভিনীত নাটক ‘এখানে প্রেম শেখানো হয়’।
‘প্রিয় পরিবার’ নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। পরিচালনায় আছেন রুবেল হাসান। নাটকটি সম্পর্কে পরিচালক জানান, অপূর্ব ও তারিনকে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে। দীর্ঘদিন পর অপূর্বর সঙ্গে অভিনয় ও এমন একটি পারিবারিক গল্পের নাটকে অভিনয় করা প্রসঙ্গে তারিন জাহান বলেন, ‘মূলত গল্পটা ভালো লাগার কারণেই এ নাটকে অভিনয় করা। আমি ও অপূর্ব দুজন প্রথম কোনো নাটকে বৃদ্ধ বয়সের চরিত্রে অভিনয় করছি। রুবেলের সঙ্গেও এটা আমার প্রথম কাজ। অনেক যত্ন নিয়ে, বুঝে শুনে কাজটি করছে।’
প্রায় ছয় বছর পর কোনো নাটকে একসঙ্গে অভিনয় করছেন অপূর্ব ও তারিন। অপূর্বকে নিয়ে তিনি বলেন, ‘অপূর্ব এই সময়ে ভার্সাটাইল চরিত্রে নিজেকে যথাযথভাবে উপস্থাপনের চেষ্টা করছে। চরিত্রটি শতভাগ ফুটিয়ে তোলার জন্য সারা দিন একা একা থেকে চরিত্রের মধ্যেই ডুবে থাকার চেষ্টা করছে, যাতে মুড নষ্ট না হয়।’
নাটক ও তারিনের সঙ্গে অভিনয় নিয়ে অপূর্ব বলেন, ‘অর্ধযুগেরও বেশি সময় পর তারিন আপার সঙ্গে জুটিবদ্ধ হয়ে কাজ করছি। তিনি নাটকে থাকা বা পাশে থাকা মানেই হচ্ছে আমার জন্য ও আমরা যারা নাটকে কাজ করি, প্রত্যেকের জন্যই ভালো লাগার। কারণ তিনি সঙ্গে থাকা মানেই তার কাছ থেকে নতুন কিছু শেখা। দীর্ঘদিন পর আবারো তার সঙ্গে কাজ করতে গিয়ে আরো নতুন কিছু শিখছি।’
গত ২ এপ্রিল থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়েছে। ঈদে নাটকটি প্রচার হবে ‘ক্লাব এন্টারটেইনমেন্ট’ ইউটিউব চ্যানেলে।
অন্যদিকে এ প্রজন্মের তরুণ-তরুণীদের গল্প ‘এখানে প্রেম শেখানো হয়’। নাটকটি রচনা ও পরিচালনা করছেন সাজিন আহমেদ বাবু।
গানের পাশাপাশি অভিনয় করেও দর্শকমহলে প্রশংসা পেয়েছেন পড়শী। গত বছর ঈদে তিনি ‘মারিয়া ওয়ান পিস’ ও ‘শাদি মোবারক’ নাটক দুটিতে অভিনয় করেছেন। এবারের নাটকটি নিয়ে পড়শী বলেন, ‘মজার একটি গল্প নিয়ে এটি তৈরি করা হয়েছে। সবাই মিলে দারুণ কাজ করেছি। আমার চরিত্রের ভেতর অনেক টুইস্ট আছে, যা দর্শক দেখে আনন্দ পাবে। আর শুটিংয়ের সময়ে ভালো কিছু সময় কাটিয়েছি। আশা করি, দর্শকের ভালো লাগবে।’
বর্তমানে বড় পর্দা আর ওটিটি প্লাটফর্মে বেশি অভিনয় করছেন ইয়াশ। মুক্তির অপেক্ষায় রয়েছে ইয়াশ অভিনীত ওয়েব ফিল্ম কুহেলিকা। আসন্ন নাটক সম্পর্কে ইয়াশ বলেন, ‘নাটকটিতে অভিনয় করে ভালো লেগেছে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’
সাজিন আহমেদ বাবু বলেন, ‘এ গল্পের মাধ্যমে বর্তমান প্রজন্মের বড় একটি অংশের বাস্তবতা উঠে আসবে। গুগল আর সোশ্যাল মিডিয়া আমাদের নতুন প্রজন্মকে কোথায় নিয়ে যাচ্ছে, তার একটা আভাস থাকছে এতে। আসন্ন ঈদে নাটকটি প্রচার হবে আরটিভিতে।’










