আন্ধাধুন দিয়ে দর্শকের কাছে পরিচিতি পেয়েছিলেন শ্রীরাম রাঘবান। কিন্তু এর আগেও নির্মাণ করেছেন আলোচিত একটি সিনেমা। বরুণ ধাওয়ানকে ভিন্ন রূপে উপস্থাপন করেছিলেন ‘বদলাপুর’ সিনেমায়। এর আগে ছিল ‘‌এজেন্ট বিনোদ’, ‘‌জনি গাদ্দার’ ও ‘‌এক হাসিনা থি’। এবার তিনি বিজয় সেতুপতি ও ক্যাটরিনা কাইফকে নিয়ে নির্মাণ করছেন ‘‌মেরি ক্রিসমাস’। সিনেমাটির ট্রেলার এরই মধ্যে দর্শকের মনোযোগ কেড়েছে। শ্রীরাম এ সিনেমা নির্মাণ করছেন দুটি ভাষায়—হিন্দি ও তামিল। দুই ভাষায় মূল চরিত্র ক্যাটরিনা ও বিজয় হলেও অন্য অভিনেতা-অভিনেত্রী ভিন্ন। শুটিং এ কারণে বেশ কঠিন হয়েছিল। সে কারণেই রাঘবান বলছেন, তিনি দুই ভাষায় আর কখনো সিনেমা নির্মাণ করবেন না।

তবে সিনেমাটি কেন দুই ভাষায় নির্মাণ করলেন তা নিয়ে কথা বলেছেন শ্রীরাম। সিনেমার প্রচারণামূলক এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, ‘আমি একজন তামিলভাষী এবং সে কারণে আমি তামিলে একটা সিনেমা নির্মাণ করতে চেয়েছি। এ সিনেমার ক্ষেত্রে আমি সে সুযোগ পেয়েছি। বিজয় সেতুপতি একজন তামিল অভিনেতা। সুযোগটা কাজে লাগিয়েছি তাই। তবে মনে হয় না, এ রকম কাজ আমি আর কখনো করব। একই সিনেমা দুই ভাষায় নির্মাণ খুবই কষ্টসাধ্য কাজ।’

তবে মেরি ক্রিসমাসের দুটো ভার্সনকে দুটো আলাদা সিনেমা বলেছেন শ্রীরাম। তিনি বলেন, ‘দুটো সিনেমা আলাদা। হিন্দিতে বিজয়, ক্যাটরিনা ও একটি শিশু থাকে। তামিলেও তারা আছে কিন্তু অন্যরা ভিন্ন।’

সিনেমাটি নিয়ে তিনি আরো বলেন, ‘আসলে বিজয় এ সিনেমায় আসার পরই আমার মনে হচ্ছিল দুটো সংস্করণ করি। আসলে এটা ডাব করা সিনেমা না। তাই আমি বলছি দুটো সিনেমা আলাদা। কারণ দুই সিনেমায় মূল চরিত্র বাদে অন্যরাও তো আলাদা। এছাড়া আমি নিজে যেহেতু একজন তামিলভাষী, ভাষার ভিন্নতাও একটা বড় ব্যাপার হিসেবে মনে করি।’

দুটি ভিন্ন ভাষায় একই সিনেমা নির্মাণ নতুন কিছু নয়। ভারতে বহু আগে থেকেই তা হচ্ছে। এর মধ্যে সত্তর, আশি এমনকি নব্বইয়ের দশকের অনেক বাংলা সিনেমাও বাংলা ও হিন্দিতে নির্মিত হয়েছে। এতে একই দৃশ্য দুবার শুট করা হয় অনেক ক্ষেত্রেই। অর্থাৎ একই দিনে একই দৃশ্য দুবার ওকে করতে হয়। বিষয়টি কেবল পরিচালক নয়, অভিনেতা-অভিনেত্রীদের জন্যও কষ্টকর। \

সূত্র: ইয়ন