বচ্চন পরিবার নিয়ে চলছে নানা গুঞ্জন। এর কেন্দ্রে আছেন ঐশ্বরিয়া। অভিষেকের সঙ্গে তার বিচ্ছেদ প্রসঙ্গ নিয়ে ইদানীং নানা ধরনের কথা আসছে। তবে বচ্চন পরিবার এবার বিনোদন দুনিয়ায় খবরের শিরোনাম হলেন আরেকটি কারণে। সম্প্রতি শ্বেতা বচ্চনকে ৫০ কোটি রুপি মূল্যের বাংলো উপহার দিলেন অমিতাভ বচ্চন। মূলত জুহুতে অবস্থিত ‘প্রতীক্ষা’ নামের বাংলোটিই উপহার দিয়েছেন শ্বেতাকে।
মুম্বাইয়ে অমিতাভের আরো দুটো বাড়ি আছে। এ দুটোর নাম—জলসা ও জনক। কিন্তু বচ্চন পরিবারের জন্য প্রতীক্ষা বিশেষ। এটি মূলত অমিতাভ বচ্চনের প্রথম বাড়ি। প্রতীক্ষায় তিনি তার বাবা হরিবংশ রাই বচ্চন ও মা তেজী বচ্চনের সঙ্গে বহুদিন কাটিয়েছেন। প্রতীক্ষায় বহু স্মৃতি আছে তার। এটি শ্বেতাকে উপহার দেয়া তাই অনেকের মধ্যেই কৌতূহল তৈরি করেছে। কিন্তু বচ্চন পরিবারে কী চলছে, তা কেবল বচ্চনরাই জানেন।
সে যা-ই হোক, বাংলোটির মূল্য নিয়েও অনেকের আগ্রহ আছে। এর বর্তমান মূল্যমান ৫০ কোটি ৬৩ লাখ রুপি বলে জানিয়েছে সংবাদমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস। তাদের প্রতিবেদনে আরো জানানো হচ্ছে মালিকানা হস্তান্তরের বিষয়টি দুটো ‘গিফট ডিড’-এর মাধ্যমে করা হয়েছে। বিষয়টি চূড়ান্ত হয় ৮ নভেম্বর ও এর জন্য স্ট্যাম্প ডিউটি লেগেছে ৫০ লাখ ৬৫ হাজার রুপি। স্ট্যাম্প ডিউটির খরচ সম্পর্কে জানিয়েছে মানি কন্ট্রোল। প্রতীক্ষার অবস্থান বিতাল নগর কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে। ৮৯০ ও ৬৭৪ বর্গমিটার আয়তনের দুটো প্লট নিয়ে তৈরি বাংলোটি তারকাদের দৃষ্টিনন্দন বাড়িগুলোর মধ্যে অন্যতম।
অমিতাভ বচ্চন তার পরিবারের সঙ্গে ক্যারিয়ারের প্রথম দিনগুলো এ বাড়িতে কাটিয়েছেন। বাড়ির নামটি অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রাই বচ্চনের দেয়া। বলা হয় তাদের পরিবারের ইতিহাসের সঙ্গে মিলিয়ে এ নাম দেয়া হয়েছিল। অমিতাভ তার ব্লগে একবার লিখেছিলেন, ‘বাবুজি আর মা বাড়িটা যখন দেখতে আসেন, তখন বাবুজি এর নাম দিয়েছিলেন প্রতীক্ষা। নামটা তার একটি কবিতা থেকে নেয়া। তিনি লিখেছিলেন, ‘‘সবাই এখানে স্বাগত, নেই কারো প্রতীক্ষা’’।’
অমিতাভের এ বাংলোতেই ২০০৭ সালে ঐশ্বরিয়া ও অভিষেকের বিয়ে হয়েছিল। শ্বেতাকে বাড়িটি উপহার দেয়ার মাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হলো। এছাড়া অমিতাভ এখন প্রতীক্ষায় থাকেন না। তার নিবাস এখন জলসা।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










