নো টাইম টু ডাই ছিল জেমস বন্ড সিরিজের ২৫তম সিনেমা। এ সিনেমায় পঞ্চম ও শেষবারের মতো ব্রিটিশ এমআই সিক্স এজেন্টের চরিত্রে অভিনয় করেন ড্যানিয়েল ক্রেগ। এ সিনেমার শেষে দেখা যায় মিসাইলের আঘাতে মারা যায় বন্ড। জেমস বন্ডের চরিত্র ছেড়ে দেয়া এবং বন্ডের মৃত্যু প্রসঙ্গে ড্যানিয়েল ক্রেগ এ মাসের মাঝামাঝি বিবিসি রেডিও ফোরের পডকাস্ট শো ‘বেস্ট অব টুডেঁতে মুখ খুলেছেন। ড্যানিয়েলের সঙ্গে কথা বলেন মার্থা কিয়ার্নি। ৫৪ বছর বয়সী এ অভিনেতা বলেছেন, বন্ডকে হত্যা করা প্রসঙ্গে তিনি বন্ড ফ্র্যাঞ্চাইজির প্রযোজক বারবারা ব্রকোলির সঙ্গে আলাপ করেছিলেন। আর বন্ড চরিত্রটি ছেড়ে দেয়া নিয়ে কোনো আফসোস আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ক্রেগ বলেছেন, ‘একেবারেই নেই।’
ড্যানিয়েল ক্রেগ বলেন, ‘আমার জীবনের অবিশ্বাস্য রকম সৌভাগ্য যে আমি ১৭টি বছর বন্ড চরিত্রের জন্য ব্যয় করেছি। আক্ষরিক অর্থে পরবর্তী ২০ বছর আমি এ চরিত্রের রেশ থেকে সম্পূর্ণ মুক্ত হতে ব্যয় করতে চাই। চরিত্রটিকে আমি সেখানে রেখে এসেছি, যেখানে আমি এটিকে দেখতে চেয়েছিলাম। আর সর্বশেষ সিনেমাটিতে তা করার সুযোগ আমাকে দেয়া হয়েছিল।’
যখন পডকাস্ট সঞ্চালক কিয়ার্নি নো টাইম টু ডাই-এ বন্ডকে হত্যা করার প্রসঙ্গ তোলেন, তখন ক্রেগ বলেন, ‘ সে আসলে মৃত নয়। আমি চলে গিয়েছি, কিন্তু সিনেমার (নো টাইম টু ডাই) একেবারে শেষে বলা হয় যে বন্ড ফিরে আসবে। সুতরাং, কোনো একপর্যায়ে সে অবশ্যই ফিরবে।’
ব্রিটিশ পত্রিকা ‘দ্য টাইমস’কে ক্রেগ বলেন, ‘তিনি ছিলেন (নো টাইম টু ডাই) সবচেয়ে সুখী বন্ড, কারণ সে যেটার সন্ধান করছিল, তা খুঁজে পেয়েছিল। দুনিয়ার সবার মতো, সে ভালোবাসা খুঁজছিল।’ তার এ কথায় সিনেমায় মারা যাওয়ার আগে বন্ডের সঙ্গে সোয়ানের কথোপকথনের দিকে ইঙ্গিত আছে।
ড্যানিয়েল ক্রেগ বর্তমানে চুক্তিবদ্ধ আছেন ‘নাইভস আউট সিরিজ’-এর সঙ্গে। এ সিরিজের দ্বিতীয় কিস্তি ‘গ্রাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি’ ২৩ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে সম্প্রচার হবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










