সিনেমায় বদলাচ্ছে জেমস বন্ডের অভিনেতা। অনেক দিন ধরেই চলছে আলাপ আলোচনা। এসেছে অনেক নাম কিন্তু নিশ্চিত করা হয়নি কোনোটিই। তবে সম্প্রতি জোর সম্ভাবনা বলছে বন্ডের জুতোয় পা গলাতে পারেন অ্যারন টেইলর। সিনেমায় বন্ডের চরিত্রে অভিনয়ের জন্য স্ক্রিন টেস্টের মধ্য দিয়ে গেছেন তিনি। সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক দ্য সান। তারা জানিয়েছে, ‘‌অ্যারন একটি স্ক্রিন টেস্ট দিয়েছিলেন গত সেপ্টেম্বরে এবং বারবারা ব্রকলি (প্রযোজক) এ চরিত্রের জন্য তাকে পছন্দ করেছেন। সে হিসেবে বলা যায়, সম্ভাব্য নতুন বন্ডের তালিকায় তিনি শুরুর দিকে থাকছেন। এ ফ্যাঞ্চাইজির জনপ্রিয় গান ব্যারেল দৃশ্যটি তিনি অভিনয় করেন এবং সেটি কর্তাব্যক্তিদের পছন্দ হয়ে গেছে। ফলে চুক্তি সই করার ক্ষেত্রে তিনি এক ধাপ এগিয়ে গেলেন।

অ্যারন টেইলর জনসনের অভিনয়গুণের পাশাপাশি তার পোর্টফোলিও তাকে এ চরিত্রের জন্য এগিয়ে রাখছে। তিনি এর আগে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সে কুইকসিলভার চরিত্রে অভিনয় করেছেন। এজ অব আলট্রনে তার এ অভিনয় সবারই মনোযোগ আকর্ষণ করেছে। এরপর ক্র্যাভেন দ্য হান্টারে মূল চরিত্রে অভিনয় করছেন অ্যারন। এর আগে ২০১৭ সালে নকটারনাল অ্যানিম্যাল সিনেমায় পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন। 

অ্যারন টেইলর-জনসন বাদেও এ চরিত্রের জন্য তালিকায় ছিলেন ইদ্রিস এলবা, টম হার্ডি, রিচার্ড ম্যাডেন ও হেনরি ক্যাভিল। এছাড়া বন্ডকে নারী চরিত্রে রূপান্তরের কথাও ভেবেছিলেন প্রযোজকরা। তবে সবচেয়ে বড় বাধা ছিল দুটো। প্রথমত বন্ডের চরিত্র বৈশিষ্ট্য মেলে এমন অভিনেতা পাওয়া এবং দ্বিতীয়ত দীর্ঘমেয়াদি চুক্তি। দুটো ক্ষেত্রেই অ্যারন টেইলর-জনসন সহজে মানিয়ে যাবেন বলে আশা করা যাচ্ছে। তার শারীরিক গঠন, চেহারা ও রঙ বন্ডের উপযুক্ত। দীর্ঘমেয়াদি চুক্তিতে তার ক্যারিয়ারে কোনো বাধা আসার সম্ভাবনাও কম। তবে সত্যিই তিনি বন্ডের চরিত্র করছেন কিনা, তা নিশ্চিত হতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে।

সূত্র: দ্য সান