তরুণ নেতৃত্ব/উদ্যোক্তাদের সহায়তা করতে কুইন্স কমনওয়েলথ ট্রাস্টের (কিউসিটি) গ্লোবাল অ্যাম্বাসেডর হলেন ব্রিটিশ মডেল নাওমি ক্যাম্পবেল। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ ট্রাস্ট সমাজ-পরিবেশ, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ক্ষেত্রে পরিবর্তন আনার কাজ করে।
বিশ্বের ৫৪টি দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের নিয়ে কাজ করবে কিউসিটি। যেখানে নেতৃত্ব/উদ্যোক্তাদের সহায়তা করবে দাতব্য সংস্থাটি। এজন্য প্লাটিনাম জুবলি নামে একটি ফান্ড গঠন করা হয়েছে, যার গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন নাওমি ক্যাম্পবেল। তার মূল কাজ হবে ট্রাস্টের তহবিল সংগ্রহে প্রচারণা, পাশাপাশি তরুণ নেতৃত্বকে এগিয়ে নিতে তাদের কাজগুলোও তুলে ধরা।
নাওমি বলেন, আমি ২৫ বছর ধরে তরুণদের ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছি। এটি আমার হূদয়ের খুব কাছের এবং যারা নিজ সম্প্রদায়ের জন্য ভালো ভবিষ্যৎ তৈরির আশা রাখেন, তাদের জন্য আমি যা পারি করে যাব। কে কোথা থেকে এল বা যে যেখানেই থাকুক না কেন, প্রতিটি সমাজে তরুণরা দুর্দান্ত কাজ করছেন। অনেক সময় তাদের দেখা যায় না। কেউ হয়তো নিজেকে নেতা হিসেবেও দেখেন না। তারা সবাই শিক্ষা ও সম্পদের উন্নয়নের জন্য আমাদের সমর্থন পাওয়ার যোগ্য।
ফ্যাশন জগতে অনন্য নাওমি ক্যাম্পবেল তার দাতব্য কাজের জন্যও বেশ পরিচিত। দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার সঙ্গে তিনি এ কাজ শুরু করেন। নাওমির কাজের প্রশংসা করে ম্যান্ডেলা তাকে ‘সম্মানিত নাতনি’
বলে সম্বোধন করেন। হারিকেন ক্যাটরিনা ও টাইফুন হাইয়ানে ক্ষতিগ্রস্তদের সহায়তা করতে ২০০৫ সালে ফ্যাশন ফর রিলিফ প্রতিষ্ঠা করেন নাওমি ক্যাম্পবেল।
সূত্র: রয়টার্স









