দেশের গুণী অভিনেত্রীদের একজন আফসানা মিমি। নব্বইয়ের দশকে জনপ্রিয় টিভি অভিনেত্রীদের অন্যতম তিনি। অভিনয় দিয়ে দর্শকের মন জয় করার পর নির্মাণের সঙ্গে যুক্ত হয়েও পেয়েছেন সাফল্য। গতকাল ছিল সদা হাস্যোজ্জ্বল আফসানা মিমির জন্মদিন। বেলা ১টায় বণিক বার্তার পক্ষ থেকে সেলফোনে যোগাযোগ করা হলে অন্য প্রান্ত থেকে ভেসে আসে তার প্রাণবন্ত কণ্ঠ। একগাল হাসি দিয়ে কথা শুরু করেন এ অভিনেত্রী। জন্মদিনের পরিকল্পনা শোনার আগেই জানতে চাওয়া হয় তার হাসির রহস্য কী। প্রশ্নের উত্তরে আসে পাল্টা হাসি। দিনটি কেমন যাবে জানতে চাইলে আফসানা মিমি বলেন, ‘‘সবে চ্যানেল আই থেকে বের হচ্ছি ‘তারকা তারকা কথন’ অনুষ্ঠান শেষ করে। এখন যাচ্ছি অফিসে। সারা দিন অফিসে কাজের ব্যস্ততায় সময়টা পার হয়ে যাবে। সন্ধ্যায় বাড়ি ফিরে দেখা হবে বন্ধুদের সঙ্গে। আমি জন্মদিনটিকে আনুষ্ঠানিকভাবে কখনো উদযাপন করি না। তবে আমার প্রিয়জনদের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। আর প্রতি বছরই এই দিনে আমার জন্মস্থান হলি ফ্যামিলি হসপিটালে যাই। সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন ভালো রাখেন, সুস্থ রাখেন।’’
নতুন কাজের প্রসঙ্গে জানতে চাইলে মিমি বলেন, ‘‘শিগগিরই মুক্তি পাবে ‘পাতাল ঘর’। এটি খুব অন্য রকম গল্পের সিনেমা। মূলত করোনাকালীন একটি পরিবারের মা ও মেয়ের গল্প নিয়েই নির্মিত। আমি পারভীন চরিত্রে অভিনয় করেছি। সিনেমাটি মুক্তি পেলে আশা করা যায় দর্শকের ভালো লাগবে। আর এখনই নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হইনি।’’
বিভিন্ন বিষয় নিয়ে তরুণদের ভাবনা আর মননশীল চিন্তা নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় শুরু হতে যাচ্ছে নতুন আয়োজন ‘জয়জয়ন্তী’। এ অনুষ্ঠানের পরিকল্পনা আফসানা মিমির আর উপস্থাপনায়ও দেখা যাবে তাকে।
আফসানা মিমি অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’। সম্প্রতি ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয়ে গেল এশিয়ার অন্যতম চলচ্চিত্র উৎসব ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই)। এ উৎসবের ‘ওয়ার্ল্ড সিনেমা সেকসন’-এ ‘পাপ পুণ্য’ প্রদর্শন হয়েছে। এছাড়া অনুষ্ঠিত হয়েছে ‘পাতাল ঘর’ সিনেমার প্রিমিয়ার শো। এটি নির্মাণ করেছেন নূর ইমরান মিঠু।
নব্বইয়ের দশকে টেলিভিশনে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পান আফসানা মিমি। মডেলিং, অভিনয়, নির্মাণ—সব কাজেই পেয়েছেন সফলতা। টেলিভিশন নাটক, সিনেমা এবং সম্প্রতি ওটিটি প্লাটফর্মেও কাজ করে প্রশংসা পেয়েছেন এ গুণী অভিনেত্রী। অবশ্য এখন অভিনয়ের চেয়ে পরিচালনা নিয়েই ব্যস্ত তিনি। সর্বশেষ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘শায়ানকাল’ নামের একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি। অন্যদিকে, চলতি বছরের মাঝামাঝিতে ওয়েব সিরিজ ‘নিখোঁজ’ করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন। আফসানা মিমি ২০২০ সালের নভেম্বরে ‘বাংলাদেশ শিল্পকলা একাডেমি’র নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক হিসেবে যোগ দিয়েছেন।









