প্রতি শনিবার বাংলাদেশ টেলিভিশনে একক নাটক প্রচারিত হয়। সে ধারাবাহিকতায় আজ রাত ৯টায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে নাটক ‘রূপান্তর’। সুজাত শিমুলের রচনায়, শুভ্র আহমেদের নির্দেশনায় ও মাহফুজার রহমানের প্রযোজনায় নাটকটিতে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন, মামুনুর রশিদ, আহসান হাবিব নাসিম, সুষমা সরকার, সাজ্জাদ সাজু, নীলিমা নুপুর, শামা ফারজানা, উত্তম অধিকারী, ওয়ানিয়া আহমেদ ও তাপস সরকার। এ নাটকের মাধ্যমেই দীর্ঘদিন পর কোনো টিভি নাটকে দেখা যাবে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে।
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি ১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি ৩০০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সিনেমার পাশাপাশি নাটকেও অভিনয় করেন। নাটকে অভিনয় প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘দীর্ঘদিন পরে নাটকে অভিনয় করলাম। নাটকের গল্প ভালো লাগার কারণেই এতে অভিনয় করা। দারুণ অভিজ্ঞতা হয়েছে শুটিংয়ের সময়ে।’
শুভ্র আহমেদ নাটকটির গল্প নিয়ে জানান, নাটকের গল্পে দেখা যাবে কামরান আহমেদ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। দুই ছেলে, এক মেয়ে, বড় ছেলের বউ রেহানা ও নাতনি অরিনকে নিয়ে তার সংসার। পরিবারের সবার ওপর তার ভীষণ আক্ষেপ। কারণ কারোর মধ্যে কোনো শৃঙ্খলা নেই। তিনি সবসময় ভাবতেন পরিবারের সবাইকে কীভাবে শৃঙ্খলায় নিয়ে আসা যায়। একদিন সকালে ঘুম থেকে উঠে তিনি সবাইকে বিভিন্ন নিয়মের মধ্যে ফেলে দেন। এভাবেই চলতে থাকে কয়েকদিন। কামরান আহমেদের নানা কর্মকাণ্ড কেন্দ্র করেই এগিয়ে যাবে নাটকটি।










