অপু বিশ্বাস কয়েকদিন আগে কলকাতা ঘুরে এলেন। গিয়েছিলেন কলকাতার আন্তর্জাতিক বইমেলায়। এরপর দেশে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন তার প্রযোজনায় সরকারি অনুদানে নির্মিত প্রথম সিনেমা লাল শাড়ির কাজ নিয়ে। ছবিটি বন্ধন বিশ্বাস পরিচালিত। অপু বিশ্বাস জানান, এ মাসেই সিনেমাটির সব কাজ শেষ করে সেন্সরের জন্য জমা দেয়া হবে। অপুর পরিকল্পনা, লাল শাড়ি আগামী রোজার ঈদে মুক্তি দেয়ার। এরই মধ্যে অপু বিশ্বাস শেষ করেছেন সৈয়দ শাকিল পরিচালিত তার অভিনীত প্রথম ওয়েবফিল্ম ‘ছায়াবাজি’-র কাজ।
কলকাতায় সম্প্রতি শুরু হয়েছে ৪৬তম আন্তর্জাতিক বইমেলা। আর এবারের বইমেলায় অংশগ্রহণ করতে কলকাতা গিয়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সেখানকার বইমেলার আয়োজকরা তাকে নিমন্ত্রণ করেছিলেন। কলকাতা আন্তর্জাতিক বইমেলার সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে অপু বিশ্বাসকে মেলা প্রাঙ্গণে স্বাগত জানানো হয়। অপু তার ফেসবুকে সেসব ছবি শেয়ার করেছেন।
ঢাকায় ফিরে অপু বিশ্বাস বলেন, ‘বইমেলা এমনই একটি প্রাঙ্গণ যেখানে গেলে নিজের মেধার বিকাশ ঘটে। ছোটবেলা থেকেই আমি বইমেলায় যেতাম, বিশেষত মায়ের সঙ্গে। নানা ধরনের বই কিনতাম। সেসব বাসায় নিয়ে এসে খুব মনোযোগ দিয়ে পড়তাম। আমি মনে করি, প্রত্যেক শিশুরই ছোটবেলা থেকে বই পড়ার অভ্যাসটা থাকা উচিত। কারণ যত বই পড়বে, ততই তার মেধার বিকাশ ঘটবে। আমার নিজের সংগ্রহেও অনেক বই আছে। সেসব বই অবসর পেলেই আমি পড়ি। কলকাতার বইমেলার নিমন্ত্রণ পেয়ে সেখানে গিয়েছিলাম। সেখানকার আয়োজকরা আমাকে যে সম্মান দেখালেন, বাংলাদেশের একজন নায়িকা হিসেবে সেটা ছিল আমার জন্য অনেক গর্বের। বাংলাদেশের একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য অনেক ভালো লাগার। ধন্যবাদ ত্রিদিব দাদাসহ কলকাতার বইমেলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে।’










