স্পাইডার-ম্যানের পর ডুন দিয়ে জনপ্রিয়তা বেড়েছে জেন্ডায়ার। আমেরিকান এ অভিনেত্রী দর্শকের পছন্দের তালিকায় প্রথম দিকেই থাকেন। এবার সিনেমাকনে বিশেষ সম্মাননা পাচ্ছেন তিনি। জেন্ডায়াকে দেয়া হবে স্টার অব দ্য ইয়ার সম্মাননা। এর মতে জেন্ডায়া গত বছর সিনেমায় দারুণ প্রভাব রেখেছেন। এ কারণেই তাকে পুরস্কৃত করা হচ্ছে। সিনেমাকন একটি বার্ষিক আয়োজন, যেখানে নানা দেশের সিনেমার তারকা ও সিনেমাপ্রেমীরা একত্র হন। সেখানে স্টার অব দ্য ইয়ার পুরস্কারের মাধ্যমে ব্যক্তির প্রতিভা, তার সিনেমার বক্স অফিস সাফল্য অনুসারে পুরস্কৃত করা হয়। ২০১১ সাল থেকে সিনেমাকন এ পুরস্কার দিয়ে যাচ্ছে। জেন্ডায়ার আগে পুরস্কৃত হয়েছেন ডোয়াইন জনসন, স্কারলেট জোহানসন, ক্রিস প্র্যাট, এমা স্টোন ও টম হল্যান্ড।

জেন্ডায়া তার অভিনয়ের পাশাপাশি গানের কারণেও জনপ্রিয়। এর বাইরে তরুণদের মধ্যে রয়েছে ভিন্ন মাত্রার আবেদন। জেন্ডায়া অনেকটাই আইকনে পরিণত হয়েছেন। অভিনেত্রী হিসেবে তিনি প্রতিভাবান, সন্দেহ নেই। তবে তিনি মনোযোগ আকর্ষণ করেছেন আরো বেশি। সিনেমাকন বিষয়টি গুরুত্ব দিয়েছে। জেন্ডায়ার সৌন্দর্য ও অন্যান্য কারণে তিনি আলোচনায় থাকেন।

জেন্ডায়াকে স্টার অব দ্য ইয়ার দেয়া প্রসঙ্গে দ্য হলিউড রিপোর্টার কথা বলেছে সিনেমাকনের ম্যানেজিং ডিরেক্টর মিক ন্যুহাশরের সঙ্গে। মিক বলেন, ‘‌অল্প কয়েক বছরের মধ্যে জেন্ডায়া দর্শকের মনোযোগ নিজের দিকে টেনেছেন। এর মধ্যে ছিল ছোট পর্দায় তার রু চরিত্রটি। ইউফোরিয়ার অভিনয় দর্শক অনেক দিন মনে রাখবে। এর বাইরে তিনি বড় পর্দায়ও দারুণ কিছু কাজ করেছেন। এর মধ্যে স্পাইডার-ম্যান: ফার ফ্রম হোম, দ্য গ্রেটেস্ট শোম্যান অন আর্থ ও ডুন অন্যতম।’ 

জেন্ডায়া এ সময় তরুণ অভিনেত্রীদের মধ্যে অন্যতম। আমেরিকান এ অভিনেত্রী ছোট ও বড়পর্দা মিলে পঞ্চাশের বেশি সংখ্যক সিনেমা ও সিরিজে অভিনয় করেছেন। এছাড়া কণ্ঠ দিয়েছেন কয়েকটি অ্যানিমেশনে। ২০১৯ সালে প্রচার শুরু হয় ইউফোরিয়ার। এ টিভি সিরিজটি জেন্ডায়াকে আলাদা পরিচিতি দিয়েছে। এছাড়া টম হল্যান্ডের সঙ্গে তার রসায়নও আলোচনায় আছে বেশ অনেকদিন ধরে। স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম সিনেমার মধ্য দিয়ে সেটি পর্দায়ও দেখা গেছে। এরপর ডুন তৈরি করেছে নতুন প্রপঞ্চ। সব মিলিয়ে জেন্ডায়া স্টার অব দ্য ইয়ার হওয়ার মতোই তারকা।

সিনেমাকন প্রতি বছরই আয়োজিত হয়। এ বছর চার দিনব্যাপী হবে এ অনুষ্ঠান। ২৪ এপ্রিল শুরু হয়ে সিনেমাকন চলবে ২৭ এপ্রিল পর্যন্ত।

সূত্র: ইয়ন