এসময়ের অন্যতম মেধাবী নাট্যকার ও নাট্যনির্মাতা মহিন খান। ঈদ উৎসবে দর্শককে মনের মতো একটি গল্পের নাটক উপহার দিতে যাচ্ছেন এ নির্মাতা। ইউটিউব চ্যানেল ‘নাফ (নিলয় আলমগীর ফিল্মস) এন্টারটেইনমেন্ট’-এ আগামী ঈদে প্রচারের জন্য মহিন নির্মাণ করেছেন নাটক ‘একান্নবর্তী’। নাটকের গল্পটাই মূল চমক হলেও শিল্পী নির্বাচন ও চরিত্রানুযায়ী শিল্পী চূড়ান্ত করে নাটকটি নির্মাণ করে চমক সৃষ্টি করেছেন পরিচালক। রাজধানীর অদূরে পূবাইলের চটের আগা শুটিং হাউজে বলা যায় অনেকটা গরমের মধ্যেই শিল্পীরা প্রবল আগ্রহ নিয়ে নাটকটিতে অভিনয় করেছেন গত শনি ও রোববার। নাটকটিতে অভিনয় করেছেন জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামানসহ গুণী অভিনয়শিল্পী তারিক আনাম খান, মাসুম বাশার, চিত্রলেখা গুহ, সাবেরী আলম, মনিরা মিঠুসহ এ সময়ে নাটকে তুমুল জনপ্রিয় জুটি নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। এবারের ঈদে সবচেয়ে তারকাবহুল নাটক একান্নবর্তী। নাটকটিতে দেশের পারিবারিক যে ঐতিহ্য অর্থাৎ একান্নবর্তী পরিবারের যে ঐতিহ্য, তাই তুলে ধরার চেষ্টা করেছেন মহিন খান। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে দিলারা জামান বলেন, ‘একান্নবর্তী পরিবার বলতে এখন কিছুই নেই। তার পরও এ ধরনের গল্প নিয়ে নাটক নির্মিত হলে আমরা হারানো ঐতিহ্য ফিরেও পেতে পারি।’ তারিক আনাম খান বলেন, ‘সত্যিকার অর্থে মহিন দর্শকের পালসটা বেশ ভালো বোঝে। যে কারণে আমাদের সংস্কৃতির নিজস্ব কিছু যে গল্প থাকে তা নিয়ে সে কাজ করার চেষ্টা করে। এটা অনুপ্রেরণা দেয়ারই মতো।’
ঈদে তারকাবহুল নাটক ‘একান্নবর্তী’
এসময়ের অন্যতম মেধাবী নাট্যকার ও নাট্যনির্মাতা মহিন খান। ঈদ উৎসবে দর্শককে মনের মতো একটি গল্পের নাটক উপহার দিতে যাচ্ছেন এ নির্মাতা।










