বলিউডে আচমকাই ছড়িয়ে পড়েছিল গুঞ্জন—অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনীতা আহুজা নাকি আলাদা হয়ে যাচ্ছেন। দীর্ঘ ৩৮ বছরের দাম্পত্য ভেঙে যাবে, এমন খবর ছড়িয়ে পড়তেই হতাশায় ভুগছিলেন অসংখ্য ভক্ত।

তবে গণেশ পূজার দিন সব জল্পনা মিলিয়ে গেল ধুলোয়। একসঙ্গে মঞ্চে হাজির হয়ে গোবিন্দ-সুনীতা জানালেন স্পষ্ট ভাষায়—তাদের আলাদা করা কারো পক্ষে সম্ভব নয়।

পূজা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুনীতা দৃঢ় কণ্ঠে বলেন, ‘আজ আমাদের একসঙ্গে দেখে সবার গালে যেন থাপ্পড় পড়ল। আমরা যদি সত্যিই আলাদা হতে চাইতাম, তবে কি এত ঘনিষ্ঠভাবে ক্যামেরার সামনে আসতাম? আমাদের কেউ আলাদা করতে পারবে না—ভগবানও নয়, শয়তানও নয়। আমার বর শুধুই আমার, গোবিন্দ শুধুই আমার।’

এতেই থেমে থাকেননি তিনি। এ নিয়ে যতক্ষণ না গোবিন্দ নিজে মুখ খোলেন, ততক্ষণ এসব গুজবে বিশ্বাস না করার অনুরোধ করেন সবাইকে।

গোবিন্দ মেয়ে টিনা আহুজাও গুজব উড়িয়ে দিয়ে বলেন, ‘এসব খবর সম্পূর্ণ মিথ্যা। এমন পরিবারে থাকতে পারা আমার কাছে সৌভাগ্যের বিষয়।’

অবশেষে গুঞ্জনের ঝড় থেমে গিয়ে ভক্তদের মুখে ফিরেছে হাসি। ৩৮ বছরের দাম্পত্যকে আবারও শক্ত হাতে ধরে রাখলেন গোবিন্দ–সুনীতা, প্রমাণ করলেন—ভালোবাসার কাছে কোনো গুজব টেকে না।