ঢালিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। অনেক দিন ধরেই বড় পর্দা থেকে দূরে রয়েছেন তিনি। একসময় সিনেমার চরিত্রে সাবলীল অভিনয় তার পরিচিতি এনে দিয়েছিল দর্শকমহলে, দর্শকের মন জয় করেছিল সে সময়। ১৯৯০-এর দশকে তিনি ঢালিউডে নিজের প্রতিভা দিয়ে বিশেষ অবস্থান তৈরি করেছিলেন।

সম্প্রতি সামাজিক মাধ্যমে নিয়মিত নিজেকে সেই চিরচেনা রূপে উপস্থাপন করলেও সিনেমাপ্রেমী দর্শক এখনো তাকে বড় পর্দায় দেখতে চান। দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকা প্রসঙ্গে পূর্ণিমা জানিয়েছেন, ভালো গল্প আর মানসম্মত চরিত্র পেলে তিনি এখনো কাজ করতে রাজি।

পূর্ণিমা বলেন, ‘ওটিটি প্লাটফর্মে কাজ করার ইচ্ছা আছে। তবে সেখানে বড় একটি সিন্ডিকেট কাজ করছে। বাইরের কাউকে সহজে জায়গা দেয় না। যারা ওই দলে আছে, তারা সবসময় সুযোগ পায়। অথচ অনেক মেধাবী শিল্পী আছেন, যারা ভালো কাজ করতে পারেন, তাদেরও সুযোগ দেয়া উচিত।’

তিনি এ বাস্তবতা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার বিশ্বাস প্রাপ্য সম্মান আর শক্তিশালী গল্প পেলে আমি আবারো অভিনয়ে নতুন উদ্যম খুঁজে পাব।’

পূর্ণিমা উল্লেখ করেন, ‘মহানগর’, ‘কারাগার’ ও ‘গোলাম মামুন’-এর মতো সিনেমার কাজ তার খুব ভালো লেগেছে। তিনি মনে করেন, এ ধরনের শক্তিশালী গল্পে সুযোগ পেলে অভিনয়ে নতুন করে প্রাণ ফিরে পেতেন।

দিলারা হানিফ পূর্ণিমা ঢালিউডে তার অভিনয় ও ব্যক্তিত্বের জন্য বিশেষভাবে জনপ্রিয় ছিলেন। একসময় তিনি চলচ্চিত্রে রোমান্টিক ও সামাজিক চরিত্রে সমানভাবে খ্যাতি অর্জন করেছিলেন।

সিনেমায় ফেরা নিয়ে পূর্ণিমা বলেন, ‘যদি সঠিক গল্প আর চরিত্র পাই, আমি আবারো পর্দায় ফিরতে চাই।’

ঢালিউডের বর্তমান পরিস্থিতি ও শিল্পীদের সুযোগ-সুবিধার কথা মাথায় রেখে পূর্ণিমা এখনো আশাবাদী নতুন করে অভিনয়ে ফেরার।