গত ১২ মে ছিল বিশ্ব মা দিবস। এ দিনকে কেন্দ্র করে ‘ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল’ আয়োজন করে একটি সম্মাননা অনুষ্ঠান। প্রতিষ্ঠানটি ১১ বছর ধরে দেশের বিভিন্ন ক্ষেত্রে সফল সন্তানদের মায়েদের ‘গরবিনী মা’ সম্মাননা প্রদান করে আসছে। সে ধারাবাহিকতায় এবারো ১০টি ক্যাটাগরিতে ১০ জন সফল সন্তানের মায়েদের সম্মাননা দেয়া হয়। বাংলাদেশের অভিনয় অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শতাব্দী ওয়াদুদের মা আফরোজা নাছরীন, মেহজাবীন চৌধুরীর মা গাজালা চৌধুরী ও সংগীতাঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাহসানের মা অধ্যাপক ড. জেডএন তাহমিদা বেগমকে গরবিনী মা সম্মানায় ভূষিত করা হয়।

অসুস্থতার জন্য তাহমিদা বেগম উপস্থিত হতে পারেননি। তার পক্ষে পুরস্কার গ্রহণ করেন তাহসান খান।

আয়োজন ও সম্মাননা নিয়ে মেহজাবীন চৌধুরী বলেন, ‘আমার আজকের এ অবস্থানে আসার জন্য আমার মা অনেক কষ্ট করেছেন, অনেক শ্রম দিয়েছেন। অভিনয়ের জন্য আমি নানা সময় স্বীকৃতি পেয়েছি, কিন্তু আমার সাফল্যের সবচেয়ে বড় স্বীকৃতি আমার মায়ের হাতে গরবিনী মা সম্মাননা উঠে এল। আমি আজ ভীষণ আনন্দিত, উচ্ছ্বসিত। আজকের এ দিন, এ মুহূর্ত আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে।’

শতাব্দী ওয়াদুদ বলেন, ‘আম্মাকে জীবনে এমন একটি মুহূর্ত উপহার দিতে পারব, তা কোনোদিন কল্পনাও করতে পারিনি। আজকের এমন দিন বুকের গভীরে শ্রদ্ধার সঙ্গে গেঁথে থাকবে। ভালোবাসায় শ্রদ্ধায় বেঁচে থাকুন সব মা, সুস্থ থাকুন সবাই।’