টিকিটের দাম কমানোর পর শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম অভিনীত ‘পাঠান’ নতুন তাণ্ডব শুরু করেছে বক্স অফিসে। দর্শক কমার আপাতত কোনো লক্ষণ নেই বলে জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম।

জানা গেছে, ১৫তম দিনের অগ্রিম বুকিংয়ে ইন্ডাস্ট্রি বিশ্লেষকদের অনেকের চোখ কপালে উঠেছে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’ এখন পর্যন্ত দেশীয় স্তরে সবচেয়ে বেশি আয়ের বলিউড সিনেমা। দ্রুতই পেছনে ফেলবে ‘কেজিএফ টু’র হিন্দি সংস্করণকে।

‘পাঠান’ ১৫তম দিনে অগ্রিম বুকিং থেকে ২ কোটি ৩২ লাখ রুপি আয় করেছে। এ বাবদ বিক্রি হয়েছে এক লাখ ৫৯ হাজারের মতো টিকিট। যা অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’-এর মতো বড় সিনেমার প্রথম দিকের বুকিংয়ের চেয়েও ভালো অঙ্ক।

বর্তমানে দেশ-বিদেশ মিলিয়ে ‘পাঠান’-এর সংগ্রহ সাড়ে ৮০০ কোটি রুপির বেশি। ধারণা করা হচ্ছে, শিগগিরই এক হাজার কোটি রুপির অঙ্ক ছুঁয়ে ফেলবে।